প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অবশেষে অবসান ঘটল দীর্ঘদিনের টালবাহানার। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই গতি পেল কলকাতার থমকে থাকা পরিকাঠামো উন্নয়ন। পূর্বতন সরকারের জমানায় যে কাজ বছরের বছর ধরে ফাইলবন্দি ছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন ক্যাবিনেটের সদিচ্ছায় তা বাস্তবায়িত হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘অরেঞ্জ লাইন’ মেট্রো প্রকল্পের সবচেয়ে জটিল জটটি কেটে গেল মাত্র কয়েক দিনে। আগামী ১৫ ই মে (শুক্রবার) রাত ৮টা থেকে পরিকাঠামো নির্মাণের স্বার্থে নিয়ন্ত্রিত হতে চলেছে ইএম বাইপাসের অন্যতম ব্যস্ততম মোড় চিংড়িঘাটার একাংশ। রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) যুদ্ধকালীন তৎপরতায় পিয়ার ৩১৭, ৩১৮ এবং ৩ ইউডি-এর ওপর ভায়াডাক্ট বা সেগমেন্ট বসানোর মেগা মিশন শুরু করতে চলেছে।
কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের নতুন নির্দেশিকা অনুযায়ী, সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে দুটি দফায় মোট ১২০ ঘণ্টার মেগা ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে:প্রথম দফা: ১৫ই মে (শুক্রবার) রাত ৮টা থেকে ১৮ই মে (সোমবার) সকাল ৮টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা। এই সময় বাইপাসের উত্তরমুখী (উল্টোডাঙাগামী) ফ্ল্যাঙ্ক বন্ধ থাকবে। দ্বিতীয় দফা: ২২ শে মে (শুক্রবার) রাত ৮ টা থেকে ২৫ শে মে (সোমবার) সকাল ৮টা পর্যন্ত আরও ৬০ ঘণ্টা। এই দফায় বাইপাসের দক্ষিণমুখী (সায়েন্স সিটিগামী) ফ্ল্যাঙ্কে কাজ চলবে।
নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৩২ কিলোমিটার দীর্ঘ এই অরেঞ্জ লাইন মেট্রো করিডোরটি কলকাতার লাইফলাইন। কিন্তু চিংড়িঘাটা ক্রসিংয়ের মাত্র ৩৬৬ মিটারের একটি খণ্ড অংশ দীর্ঘদিন ধরে আটকে ছিল নো অবজেকশন সার্টিফিকেট (NOC) না পাওয়ার কারণে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং কলকাতা হাইকোর্ট গত ১৫ ই ফেব্রুয়ারি এই কাজ শেষ করার ডেডলাইন দিয়েছিল, যা পূর্বতন সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। কিন্তু সুপ্রিম কোর্ট গত ২৩ শে মার্চ সেই স্পেশাল লিভ পিটিশন (SLP) খারিজ করে দেয়। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ কোনো টালবাহানা না করে দ্রুত আরভিএনএল (RVNL)-কে এই কাজের অনুমতি বা এনওসি (NOC) হস্তান্তর করেছে। যাত্রীদের সুরক্ষায় আরভিএনএল-এর বিকল্প রুট কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে হওয়া উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ যাত্রীদের সুবিধার্থে বিকল্প রাস্তা বা ডাইভারশন রোড তৈরি করেছে RVNL।প্রথম দফায় উত্তরমুখী গাড়িগুলিকে মেট্রোপলিটন স্টপেজের পর থেকে একটি নবনির্মিত ৫০০ মিটার দীর্ঘ ২ লেনের রাস্তা দিয়ে ঘুরিয়ে মাঝেরপাড়া হয়ে পুনরায় বাইপাসে তোলা হবে।
সল্টলেক, সেক্টর ফাইভ ও নিউটাউন গামী বা বিমানবন্দর গামী যাত্রীদের এই দিনগুলিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। উন্নয়নের স্বার্থে এবং শহরের ভবিষ্যতের কথা মাথায় রেখে সাময়িক এই যান নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসন।
