Site icon প্রিয় বন্ধু মিডিয়া

চুঁচুড়ায় তৃণমূলের ‘গৃহযুদ্ধ’ নাকি নাটক? অসিতের দুয়ারে দেবাংশু, নেপথ্যে কি তবে বাম-তৃণমূল গোপন আঁতাত?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকায় এক বড়সড় রদবদল নিয়ে জেলা রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। টানা তিনবারের বিধায়ক এবং এলাকার দাপুটে নেতা অসিত মজুমদারকে সরিয়ে দল এবার প্রার্থী করেছে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে। এই সিদ্ধান্তের পর থেকেই চুঁচুড়ায় রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তে রূপ বদলাচ্ছে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই ফেটে পড়েন অসিত মজুমদার। তাঁর আক্ষেপ ছিল যে, দলের পুরনো ও বিশ্বস্ত কর্মীদের গুরুত্ব কমিয়ে ‘চুনোপুঁটি’ হিসেবে গণ্য করা হচ্ছে। এমনকি তিনি নিজেকে কারও ঠিকা চাকর নন বলেও হুঙ্কার দেন। এই পরিস্থিতিতে চুঁচুড়ায় তৃণমূলের জয়ের পথ যে কন্টকাকীর্ণ হতে চলেছে, তা স্পষ্ট হয়ে যায়।

বুধবার সন্ধ্যায় পরিস্থিতি সামাল দিতে সটান অসিত মজুমদারের কার্যালয়ে পৌঁছে যান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সেখানে গিয়ে তিনি বর্ষীয়ান নেতার পা ছুঁয়ে প্রণাম করেন এবং তাঁকে পিতৃসম ও চুঁচুড়ার অভিভাবক বলে সম্বোধন করেন। এরপর দীর্ঘ প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক চলে তাঁদের মধ্যে। বৈঠকের পর বরফ গলতে দেখা যায় এবং অসিতবাবু জানান, দেবাংশু তাঁর সন্তানের মত এবং তিনি দলের হয়েই কাজ করবেন। তবে এই সাক্ষাতের মাঝেই এক চাঞ্চল্যকর দৃশ্যের সাক্ষী থাকে রাজনৈতিক মহল। দেবাংশু যখন অসিতবাবুর বাড়িতে ঢুকছেন, ঠিক তখনই সেখান থেকে বেরোচ্ছিলেন ওই কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা। যুযুধান দুই প্রার্থী মুখোমুখি হতেই দেবাংশু সৌজন্যবশত তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন।

এখন প্রশ্ন উঠছে, কেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী অসিতবাবুর বাড়িতে? তৃণমূলের অন্দরের খবর অনুযায়ী, টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ অসিত মজুমদারকে কাছে টেনে নিতে চাইছে বামফ্রন্ট। তবে অন্য একটি সূত্র বলছে, অসিতবাবু দীর্ঘদিন ধরেই এলাকায় ব্যক্তিগত সৌজন্যের রাজনীতি বজায় রেখেছেন। সম্প্রতি তিনি বিভিন্ন বিরোধী নেতার বাড়িতে গিয়েও সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাম প্রার্থীর এই সফরকে সেই সৌজন্যের মোড়কে ঢাকা দেওয়ার চেষ্টা করা হলেও, নির্বাচনের আগে বিদায়ী তৃণমূল বিধায়কের বাড়িতে বাম প্রার্থীর উপস্থিতি রাজনৈতিক মহলে গোপন আঁতাত বা ভোট ট্রান্সফারের জল্পনাকে উসকে দিচ্ছে।

বিজেপি ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নাটকীয় মিলন আসলে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকার এক ব্যর্থ চেষ্টা মাত্র। টিকিট না পেয়ে ক্ষুব্ধ অসিত মজুমদারের অনুগামীরা যদি তলে তলে বাম বা অন্য প্রার্থীর দিকে ঝুঁকে যান, তবে দেবাংশুর জন্য জয়ের পথ কঠিন হবে। চুঁচুড়ায় অসিত মজুমদারের যে নিজস্ব ভোটব্যাংক রয়েছে, তা দেবাংশুর দিকে ফেরাতেই এই পা ছুঁয়ে প্রণাম ও পারিবারিক স্নেহ প্রদর্শনের নাটক। তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বাম প্রার্থীর বেরোনো এবং বর্তমান তৃণমূল প্রার্থীর তাঁকে প্রণাম করা—এই ছবি সাধারণ ভোটারদের মনে প্রশ্ন তুলছে। এটি কি তবে বিজেপিকে আটকানোর জন্য কোনো গোপন বোঝাপড়া? তবে চুঁচুড়ার এই হাইভোল্টেজ নাটকে দেবাংশু সাময়িকভাবে অসিত মজুমদারের সমর্থন পেলেও, দলের নিচুতলার কর্মীদের মন তিনি কতটা জয় করতে পারবেন, সেটাই এখন বড় প্রশ্ন। বিরোধীদের দাবি, এই কৃত্রিম ঐক্য ভোটের বাক্সে তৃণমূলের ফাটল ঢাকতে পারবে না।

Exit mobile version