প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পূর্ব বর্ধমানের মেমারিতে এক বিশাল প্রশাসনিক জনসভা থেকে রাজ্যের কৃষকদের জন্য এক ঐতিহাসিক ও নজিরবিহীন জোড়া অর্থনৈতিক ধামাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ‘ডবল ইঞ্জিন সরকার’ বরণ করে নেওয়ার জন্য পূর্ব বর্ধমানের মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি কৃষকদের পকেটের বোঝা কমাতে একগুচ্ছ বড় আর্থিক প্যাকেজ ও সরাসরি ভরতুকির ঘোষণা করেছেন।মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে জেলার লক্ষ লক্ষ কৃষক সরাসরি বিদ্যুৎ বিলে বিপুল সাশ্রয় এবং ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক অনুদান পেতে চলেছেন।
চাষাবাদের খরচ একধাক্কায় কমিয়ে আনতে বিদ্যুৎ বিলের ওপর এক যুগান্তকারী সরকারি ভরতুকির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, জেলার চার লক্ষের বেশি কৃষক এবার থেকে বিদ্যুৎ ইউনিটের প্রতি ২ টাকা করে সরাসরি সরকারি ভর্তুকি পাবেন।সেচের কাজে ব্যবহৃত বিদ্যুতের ওপর এই ভরতুকি দেওয়ার ফলে কৃষকদের উৎপাদন খরচ বহুগুণ কমে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, “এর ফলে কৃষকদের বছরে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড় মিলবে।” কৃষকদের এই মেগা স্বস্তি দিতে রাজ্য সরকারের রাজকোষ থেকে বাড়তি ৩০০ কোটি টাকা খরচ পড়বে বলেও তিনি নিশ্চিত করেছেন।
বিদ্যুৎ বিলে ভর্তুকির পাশাপাশি কৃষকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য বাড়ানোর বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মেমারির মঞ্চ থেকে তিনি সাফ জানান, “পিএম-কিষাণ সম্মান নিধিতে এবার থেকে কৃষকদের ৯ হাজার টাকা করে দেওয়া হবে।”একইসঙ্গে ফড়ে বা দালালদের দৌরাত্ম্য রুখতে কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন, “কৃষকরা যত পরিমাণ ধান বিক্রি করতে চান, সরকার তার সম্পূর্ণটাই সরাসরি সহায়ক মূল্যে কিনে নেবে।” বিগত সরকারের নীতির কারণে রাজ্যের কৃষকদের যে করুণ দশা হয়েছিল, বর্তমান ডবল ইঞ্জিন সরকার সেই অন্ধকার অধ্যায় কাটিয়ে কৃষকদের মুখে হাসি ফোটাতে সম্পূর্ণ দায়বদ্ধ বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।
