Site icon প্রিয় বন্ধু মিডিয়া

পদ্মের ‘ভোটব্যাংক’ দিনাজপুরে মমতার বঞ্চনার অবসান! বালুরঘাটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ৩ মেগা উপহার!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনার ইতিহাস মুছে ফেলতে এবার সরাসরি ময়দানে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল (বুধবার) দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই দুই দিনাজপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দেওয়ার পাশাপাশি তিনটি বড়সড় ‘মেগা উপহার’ ঘোষণা করেন তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজনৈতিক বঞ্চনার প্রসঙ্গ টেনে বলেন, “উত্তরবঙ্গ মানে কোনও একটা নির্দিষ্ট জেলা নয়। দীর্ঘ বছর ধরে দুই দিনাজপুর জেলা অত্যন্ত অবহেলিত রয়ে গিয়েছে। বিগত জমানায় এই অঞ্চল চরম অবহেলার শিকার হয়েছে।” এর পরেই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে শুরু করে এখানকার মানুষ ক্রমাগত বিজেপিকে ভোট দিয়ে আসছেন। কিন্তু আগের তৃণমূল সরকার শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই দুই জেলাকে সমস্ত রকম উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছিল। এবার সেই বঞ্চনা দূর করতেই আমি নিজে এই ৩টি বড় উপহার নিয়ে আপনাদের দরবারে এসেছি।”

দীর্ঘদিন ধরে বন্ধ ও সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা বালুরঘাট বিমানবন্দরকে পুনরায় সচল করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিমানবন্দরটি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী ১ বছরের মধ্যেই এখান থেকে ১৯ আসনের ছোট যাত্রীবাহী বিমান চলাচল শুরু হবে। লাইসেন্স ক্লিয়ারেন্সের জন্য আবেদন জানানো হয়েছে এবং পরবর্তীতে এখানে ৭২ আসনের বড় ATR বিমান নামানোর জন্য রানওয়ে সম্প্রসারণের কাজও করা হবে। দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল প্রাঙ্গণেই গড়ে তোলা হচ্ছে ‘দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’। এই মেগা প্রজেক্টের জন্য বর্তমান অর্থবর্ষেই মোট ৩৪৪ কোটি টাকা ব্যয় হবে, যার মধ্যে প্রাথমিকভাবে রাজ্য বাজেট থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ করে দ্রুত ডিপিআর (DPR) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কালীপুজোর আগেই এই মেডিক্যাল কলেজের ভূমিপুজো সম্পন্ন হবে। পাশাপাশি এখানকার ৯৩১টি বেডের সংখ্যা, আইসিইউ (ICU), এইচডিইউ (HDU) এবং এমআরআই (MRI) মেশিনের পরিকাঠামো বহুগুণ বাড়ানো হবে এবং স্থানীয় নার্সিং স্কুলটিকে নার্সিং কলেজে উন্নীত করা হবে। বিগত সরকারের অবহেলায় মাত্র ৩টি বিষয় নিয়ে একটি পরিত্যক্ত সরকারি ভবনে ধুঁকছিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিশ্ববিদ্যালয়টির পঠনপাঠন উন্নত করতে অবিলম্বে আরও ৭টি নতুন বিষয় খোলার অনুমোদন দেওয়া হচ্ছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস তৈরির জন্য সরকারি জমি চিহ্নিত করে স্থানান্তরের রূপরেখাও চূড়ান্ত করা হয়েছে।

প্রশাসনিক বৈঠকের পাশাপাশি গতকাল বালুরঘাটের ঘরের ছেলে তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে গিয়ে তাঁর সাথে সৌজন্যমূলক মধ্যাহ্নভোজও সারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপিকে ভোট দেওয়ার কারণে দিনাজপুরের মানুষকে আর অবহেলিত হতে দেবে না বর্তমান সরকার, বরং উন্নয়নের নিরিখে দুই দিনাজপুরকে বাংলার প্রথম সারিতে নিয়ে আসাই তাঁদের প্রধান লক্ষ্য।

Exit mobile version