প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পবিত্র জন্মাষ্টমী উৎসব উপলক্ষে হাওড়ার লিলুয়ায় আয়োজিত এক আধ্যাত্মিক সমাবেশে হাজির হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লিলুয়ায় আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ ‘হনুমান কথা’ পাঠের আসরে যোগ দিয়ে তিনি বাগেশ্বর ধামের প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে স্বাগত জানান।অনুষ্ঠানে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর পাশে বসে ধর্মীয় আলোচনা শোনার পাশাপাশি মুখ্যমন্ত্রী সনাতন সংস্কৃতির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। এরপর মঞ্চ থেকেই তিনি এক বড়সড় মেগা আমন্ত্রণ জানান বাগেশ্বর সরকারকে।
লিলুয়ার এই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, আগামী দিনে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘১০ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ মহোৎসবের এক বিরাট পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই মহোৎসবে প্রধান আধ্যাত্মিক পথপ্রদর্শক ও অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য তিনি ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীকে প্রকাশ্য মঞ্চ থেকে বিশেষ আমন্ত্রণ জানান। লিলুয়ায় আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানটি ঘিরে ভক্তদের মধ্যে তুমুল উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ৪, ৫ এবং ৬ সেপ্টেম্বর—এই তিন দিন ধরে চলা লিলুয়ার কথা পাঠের আসরে প্রতিদিন হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন।
অতীতে এই রাজ্যে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে অনুমতি সংক্রান্ত একাধিক প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল, যা নিয়ে স্বয়ং বাগেশ্বর বাবাও তাঁর আগের বয়ানে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর সমস্ত জটিলতা কেটে যাওয়ায় এবং সফলভাবে এই আধ্যাত্মিক সমাবেশ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। মঞ্চ থেকে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীও পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ এবং ভক্তিমূলক মানসিকতার ভূয়সী প্রশংসা করেন।
