Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বনগাঁয় পুজো উদ্বোধনে হুঙ্কার মুখ্যমন্ত্রীর! ‘আরশোলা-ছারপোকাদের’ নিয়ে নজিরবিহীন হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দেবীপক্ষের আবহে উত্তর ২৪ পরগনার মতুয়াগড় বনগাঁয় দাঁড়িয়ে একযোগে অনুপ্রবেশকারী, নকশাল এবং দেশবিরোধী শক্তির বিরুদ্ধে তীব্র গর্জন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বনগাঁর দুটি হাইপ্রোফাইল পুজো- গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং মতিগঞ্জ ঐক্য সম্মিলনীর দুর্গাপুজো উদ্বোধনে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যের নবনিযুক্ত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। পুজোর মহতী মঞ্চকে সামনে রেখেই একদিকে যেমন মতুয়াদের নাগরিকত্ব তথা সিএএ (CAA) নিয়ে বিরাট ডিক্লেয়ারেশন দেন তিনি, তেমনই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

মঞ্চ থেকে দেশবিরোধী ও বিভেদকামী শক্তিকে কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের দেশে এবং রাজ্যে কিছু আরশোলা আর ছারপোকা ঢুকে পড়েছে, যারা দেশটাকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করছে। এই নকশাল ও ছারপোকাদের থেকে আপনাদের অত্যন্ত সাবধান থাকতে হবে।” তিনি সনাতনীদের সতর্ক করে বলেন, কোনও অবস্থাতেই যেন দেশের ক্ষতি করতে চাওয়া এই শক্তির ফাঁদে পা না দেওয়া হয়।

দেশকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি উপস্থিত আপামর জনতার উদ্দেশ্যে বলেন, “আপনাদের সবসময় মোদীজির পাশে থাকতে হবে। মনে রাখবেন, দেশ যদি শক্তিশালী থাকে, তবে আমরাও সুরক্ষিত ও শক্তিশালী থাকব।” আসন্ন লোকসভা ও উপ নির্বাচনগুলির আবহে মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

মতুয়া অধ্যুষিত বনগাঁয় দাঁড়িয়ে শরণার্থী ও সনাতনীদের নাগরিকত্ব নিয়ে বড় আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেত মেলার পর রাজ্য সরকার অত্যন্ত দ্রুত গতিতে সিএএ সার্টিফিকেট বা নাগরিকত্ব দেওয়ার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “যাঁরা ইতিমধ্যেই সিএএ (CAA) শংসাপত্র পেয়েছেন বা আগামী দিনে পেতে চলেছেন, তাঁদের আগামী জানুয়ারি মাসেই ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হবে। নাগরিকত্ব পাওয়া বা নাম তোলার ক্ষেত্রে কোনও ধরণের প্রশাসনিক সমস্যা হতে দেওয়া হবে না।”

Exit mobile version