Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘ঝুঁকেগা নেহি’ বলেছিলেন ফলতার ‘পুষ্পা’! আজ বুলডোজারের ঘায়ে গুঁড়িয়ে গেল প্রাসাদ, ওখানেই আবাসের ঘর গড়ার ঘোষণা শুভেন্দুর!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সিনেমার পর্দায় নায়কের মুখে সংলাপ ছিল—’ঝুঁকেগা নেহি’। রুপোলি পর্দার সেই সংলাপ ধার করেই একসময় দক্ষিণ ২৪ পরগনার ফলতায় দাপিয়ে বেড়াতেন অভিষেক-ঘনিষ্ঠ দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা জাহাঙ্গির খান। নিজেকে পরিচয় দিতেন ফলতার ‘পুষ্পা’ হিসেবে। কিন্তু সময় বদলেছে, বদলেছে বাংলার শাসনব্যবস্থাও। বুধবারের পর আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও ফলতার শ্রীরামপুরে জেলবন্দি সেই ‘পুষ্পা’র তিনতলা আলিশান বেআইনি প্রাসাদের ওপর চলল প্রশাসনের বুলডোজার ও হাতুড়ির ঘা। আর এই পদক্ষেপের মাধ্যমে আরও একবার নিজের দেওয়া কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু বেআইনি প্রাসাদ ভেঙে গুঁড়িয়ে দেওয়াই নয়, আজ হাওড়ার কাজীপাড়ায় ছটপুজোর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা করেছেন—সরকারি জমি দখল করে তৈরি জাহাঙ্গিরের ওই প্রাসাদের জমিতেই আগামী দিনে স্থানীয় গরিব মানুষদের জন্য ‘আবাসের ঘর’ তৈরি করে দেবে সরকার!

গত বিধানসভা নির্বাচনের সময় ফলতায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, তথাকথিত ‘পুষ্পা’র দাপট তিনি নিজে দেখবেন। আজ প্রশাসনের এই কড়া পদক্ষেপে উচ্ছ্বসিত ফলতার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওয়াকিবহাল মহল বলছে, বিগত জমানায় যাঁরা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতেন, শুভেন্দু অধিকারীর স্বচ্ছ ও কঠোর প্রশাসনের সৌজন্যে আজ তাঁদের আসল জায়গা দেখানো হচ্ছে। হাওড়ার অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এদিন তীব্র কটাক্ষ করে বলেন, “ফলতায় কী চলছে সবাই দেখতে পাচ্ছেন তো! সরকারি জমিতে ১০ কোটি টাকার আলিশান বিল্ডিং বানিয়েছিল। পুষ্পা বলেছিল ‘ঝুঁকেগা নেহি’! কড়া ব্যবস্থা নেওয়া হবে।” শুধু ফলতাই নয়, সন্দেশখালির সরবেড়িয়াতেও শেখ শাহজাহানের দখল করা জমি উদ্ধার করে সেখানে মাছের বাজার তৈরি করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

ফলতার স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারী বিজেপি নেতা বিধান পাড়ুইদের দীর্ঘদিনের অভিযোগ, ২০১৮ সাল থেকেই গোটা এলাকায় একচ্ছত্র দাপট ও ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন জাহাঙ্গির। সাধারণ মানুষের জমি দখল থেকে শুরু করে খাসজমি ও জলাভূমি বুজিয়ে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। প্রশাসনিক সূত্রে খবর, শ্রীরামপুরের এই তিনতলা বহুতলটি সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি খাসজমি দখল করে তৈরি করা হয়েছিল। নিয়ম মেনে প্রশাসন থেকে তাঁকে পরপর ৭ বার শোকজ নোটিস পাঠানো হলেও ক্ষমতার দম্ভে তার কোনো জবাব দেননি জাহাঙ্গির। শেষমেশ কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং আইনি প্রক্রিয়া মেনেই বুধবার থেকে বুলডোজার নামিয়ে ওই অবৈধ কাঠামো ভাঙার কাজ শুরু করে জেলা প্রশাসন, যা আজ দ্বিতীয় দিনেও পুরোদমে চলছে।

একসময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় জাহাঙ্গিরের কথাই ছিল শেষ কথা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল তাঁকে প্রার্থীও করেছিল। কিন্তু ভোটের দিন ব্যাপক কারচুপি ও সন্ত্রাসের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দেয়, আর তার দু’দিন আগেই ময়দান ছেড়ে সরে দাঁড়ান তিনি। পরবর্তীতে তোলাবাজি ও ভয় দেখানোর একাধিক মামলায় গত জুন মাসে ভারত-নেপাল সীমান্ত থেকে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্সের (STF) হাতে গ্রেফতার হন এই ‘পুষ্পা’। এমনকি তাঁকে ছাড়াতে ফলতা থানায় হামলার অভিযোগে তাঁর স্ত্রীকেও গ্রেফতার করে পুলিশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাহাঙ্গির খানের এই পতন এবং তাঁর অবৈধ প্রাসাদ ভেঙে গরিবের আবাস গড়ার সিদ্ধান্ত বাংলায় এক নতুন বার্তা দিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান সরকার যে কোনোভাবেই মাফিয়ারাজ বা বেআইনি জবরদখল বরদাস্ত করবে না, ফলতার বুলডোজার অ্যাকশন তারই জ্বলন্ত প্রমাণ।

Exit mobile version