Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“আমাদের কাছে সব হিসাব রয়েছে!” লক্ষ্মীর ভাণ্ডারের বিপুল টাকা খরচ নিয়ে নবান্ন থেকে বিস্ফোরক খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিগত সরকারের বহুল চর্চিত প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আর্থিক খরচের খতিয়ান নিয়ে এবার অত্যন্ত চাঞ্চল্যকর ও বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিগত তৃণমূল সরকারের আমলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার অনিয়ম এবং বিপুল খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিগত জমানার প্রতিটি সরকারি টাকা খরচের হিসাব বর্তমান বিজেপি সরকারের নখদর্পণে রয়েছে।বিগত সরকারের অর্থ বণ্টনের নীতির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি নথি ও পরিসংখ্যানের সূত্র ধরে বলেন, “২০২১ সালের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়। তারপর বন্ধ থাকে। ২০২২ সালের এপ্রিল মাসে দিল, দু’মাসের টাকা এক সঙ্গে। সেখানে খরচ পড়েছিল ২১ শ ৮৪ কোটি ৬৩ লক্ষ ১০ হাজার টাকারও বেশি (২১,৮৪,৬৩,১০,০০০)। আবার ওই বছরে মে-জুন মাসে টাকা দিল। আমাদের কাছে সব হিসাব রয়েছে।”

মুখ্যমন্ত্রীর এই হিসাব দেওয়ার মূল লক্ষ্য ছিল বিগত সরকারের আর্থিক পরিকল্পনার খামতি এবং ভোটের অঙ্কে টাকা দেওয়ার নীতিকে জনসমক্ষে আনা। তিনি বোঝাতে চেয়েছেন, বিগত জমানায় নারীদের আর্থিক সহায়তার নামে ধারাবাহিকতা বজায় রাখা হয়নি, বরং নির্দিষ্ট কিছু সময়ে এককালীন টাকা দিয়ে কাজ চালানো হয়েছিল। বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানান, তাঁর প্রশাসন বিগত সরকারের মতো খামখেয়ালিভাবে কাজ করবে না। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের মা-বোনেদের যে আর্থিক অধিকার দেওয়া হচ্ছে, তা প্রতি মাসে নির্দিষ্ট নিয়ম মেনেই তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

লক্ষ্মীর ভাণ্ডারের এই হিসাব দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী বর্তমান ‘অন্নপূর্ণা যোজনা’-র ২ কোটি ১৬ লক্ষ আবেদনের স্ক্রুটিনির কাজ কতটা স্বচ্ছতার সাথে করা হচ্ছে, তারও আভাস দেন। বিগত জমানার ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সেই কারণেই ব্যাক-এন্ডে এত নিখুঁত ভেরিফিকেশন করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রের খবর। আগামী ১০ই আগস্ট মুখ্যমন্ত্রী এই প্রকল্পের চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেবেন কারা এই আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য এবং কীভাবে সম্পূর্ণ স্বচ্ছ উপায়ে এই অর্থ বণ্টন করা হবে।

Exit mobile version