প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সাড়ম্বরে উদযাপিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। আজ সকালে কলকাতার ঐতিহাসিক রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রেড রোডের মঞ্চ থেকে এটিই ছিল তাঁর প্রথম স্বাধীনতা দিবসের ভাষণ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পর রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আগামী দিনে রাজ্যের উন্নয়ন এবং দেশের অগ্রগতিতে বাংলার ভূমিকা নিয়ে এক দূরদর্শী রোডম্যাপ তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে স্পষ্ট জানান, ভারতকে বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে পশ্চিমবঙ্গকে সবার আগে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ বা উন্নত ভারত গড়ার যে জাতীয় লক্ষ্য রয়েছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়নকে সরাসরি যুক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “২০৪৭ সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যদি বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে ওঠে।” তিনি মনে করিয়ে দেন, ভারতের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে বাংলার অবদান ঐতিহাসিক এবং সেই গৌরবকে আবার পুনরুদ্ধার করতে হবে।
পশ্চিমবঙ্গের ভৌগোলিক ও সামাজিক অস্তিত্বের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, “ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ গড়ে উঠেছিল।” দেশভাগের কঠিন সময়ে এই দুই মহামনীষীর ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের আদর্শকে পাথেয় করেই রাজ্য সরকার কাজ করছে।”
রাজ্যের যুবসমাজ ও নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও রাষ্ট্রবাদী চেতনা জাগ্রত করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা, এটি বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মাটি।” তিনি স্পষ্ট বার্তা দেন যে, যে মাটিতে ক্ষুদিরাম বসুর মতো বীর স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন, সেই মাটির সম্মান রক্ষা করা এবং রাজ্যকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
