Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“টাকা ফেরত দাও, নয়তো জেলে যাও!” মালদহে দাঁড়িয়ে চোরদের চরম সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মালদহের ভয়াবহ বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে পূর্বতন তৃণমূল জমানার দুর্নীতিবাজদের উদ্দেশ্যে রূদ্রমূর্তি ধারণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুরে মালদহের মানিকচকের মথুরাপুর হাইস্কুল মাঠে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে এক প্রকাশ্য প্রশাসনিক সভা থেকে চোর ও দুর্নীতিবাজদের উদ্দেশ্যে কড়া আলটিমেটাম দেন তিনি। বন্যা ত্রাণ ও পুজো উপহার বিলির মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কড়া হুঙ্কার দিয়ে জানান, আবাস ও ১০০ দিনের কাজের প্রকল্পে যারা সরকারি টাকা আত্মসাৎ করেছেন, তাঁদের এবার কড়া শাস্তির মুখোমুখি হতে হবে। মুখ্যমন্ত্রী সাফ বলেন, “আগে এই জেলায় আবাস এবং একশো দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। যাঁরা টাকা চুরি করেছেন, তাঁদের টাকা ফেরতও দিতে হবে, জেলেও যেতে হবে।” তিনি আরও মনে করিয়ে দেন, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পাঁচ মাস পেরিয়ে গেলেও দুর্নীতিগ্রস্তদের নাম নবান্ন ভুলে যায়নি, তাঁদের জেলের ভেতর ঢোকানো হবেই।

আবাস যোজনা প্রকল্প নিয়ে পূর্বতন শাসকদলের কুৎসার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বর্তমান বিজেপি সরকার কোনও ধর্মীয় ভেদাভেদ বা পক্ষপাতিত্ব ছাড়াই কাজ করছে। তিনি বলেন, “আমরা হিন্দু-মুসলিম বেছে দিইনি, যাঁরা ঘর তৈরি করেছেন, তাঁদের সকলকে টাকা দিয়েছি।” একইসঙ্গে মালদহ জেলায় আরও ৩ লক্ষ ১৪ হাজার ৬০২টি নতুন বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে বলেও তিনি ঘোষণা করেন।

এদিন আকাশপথে ভূতনির চরের ভয়াবহ বন্যা ও ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এরপর প্রশাসনিক মঞ্চ থেকে মালদহ জেলার মানিকচক, রতুয়া ও ইংরেজবাজারের ক্ষতিগ্রস্ত ২৪,৫৯৫টি পরিবারের জন্য মোট ২৪২ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান: বন্যায় যাদের ঘর সম্পূর্ণ ভেঙে গিয়েছে, তাঁদের ঘর পুনর্নির্মাণের জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হবে। যাদের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁরা পাবেন ৯০ হাজার টাকা। উৎসবের মরশুমের আগে দুর্গত পরিবারগুলির কাছে নতুন পোশাক, মশারি, শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রতিদিন ৮,১০০ মানুষের জন্য কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

মালদহের মঞ্চ থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা ও সংস্কৃতির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজ্যে কোনও ধরনের বেআইনি ধর্মান্তকরণ বা জমি দখল বর্তমান সরকার বরদাস্ত করবে না। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, “কোথাও ধর্ম পরিবর্তন হবে, লাভ জিহাদ বন্ধ হবে, ল্যান্ড জিহাদ বন্ধ হবে।” এছাড়াও মালদহ ও মুর্শিদাবাদ অঞ্চলের গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের জন্য IIT কানপুরকে দিয়ে দ্রুত ডিপিআর (DPR) তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এবং কেন্দ্রের কাছে ৩,৩০০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Exit mobile version