Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অতীতের রাজনৈতিক সমীকরণ সরিয়ে নজিরবিহীন সৌজন্য! রঞ্জিত মল্লিককে প্রণাম করে হাত ধরে মঞ্চে তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলা চলচ্চিত্রের চিরন্তন আইকন, মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মদিবস (জন্মশতবর্ষ) উদযাপনে আজ কলকাতার টালিগঞ্জে এক নজিরবিহীন রাজনৈতিক ও সাংস্কৃতিক সৌহার্দ্যের ছবি দেখা গেল। টলিউড স্টুডিও পাড়ায় আয়োজিত রাজ্য সরকারের এই মেগা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে চলচ্চিত্র জগতের প্রবীণতম অভিনেতা রঞ্জিত মল্লিককে সর্বোচ্চ সম্মান জানালেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।অনুষ্ঠানে যোগ দিয়েই মুখ্যমন্ত্রী প্রথমে মঞ্চের সামনে উপস্থিত বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং আশীর্বাদ নেন। এরপর স্টেজে ওঠার সময় প্রথা ভেঙে তিনি নিজে রঞ্জিত মল্লিকের হাত শক্ত করে ধরে তাঁকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। অতীত রাজনৈতিক সমীকরণ বা মতাদর্শের দূরত্ব ভুলে প্রবীণ শিল্পীদের প্রতি মুখ্যমন্ত্রীর এই অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শনের দৃশ্যটি বর্তমানে রাজ্য রাজনীতিতে এক বিরাট আলোচনার জন্ম দিয়েছে।

আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে রঞ্জিত মল্লিকের মঞ্চে ওঠার এই দৃশ্যটি রাজনৈতিক মহলে ব্যাপক চর্চিত হচ্ছে, কারণ একটা সময় এই মল্লিক পরিবার তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বৃত্তে ছিল। বিগত দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মল্লিকবাড়িতে সশরীরে হাজির হয়েছিলেন। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর রঞ্জিত মল্লিক সংবাদমাধ্যমের সামনে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়িতে এসে প্রায় এক ঘণ্টা সময় কাটিয়েছেন। উনি অত্যন্ত ভালো ছেলে এবং আন্তরিকভাবে আমাদের সঙ্গে হাফ কাপ দুধ চা খেয়েছেন।” সে সময় তৃণমূলের পক্ষ থেকে সরকারের উন্নয়নের খতিয়ান ‘উন্নয়নের পাঁচালি’ রঞ্জিত বাবুর হাতে তুলে দেওয়া হয়েছিল।

মল্লিক পরিবারের সঙ্গে তৃণমূলের এই সুসম্পর্কের সূত্র ধরেই পরবর্তীতে এক বড় রাজনৈতিক পদক্ষেপ দেখা যায়। রঞ্জিত মল্লিকের কন্যা তথা টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী কোয়েল মল্লিককে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেছিল তৃণমূল কংগ্রেস। রঞ্জিত মল্লিক নিজে মেয়ের সাথে সংসদে উপস্থিত থেকে কোয়েলের সাংসদ হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেছিলেন। তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই এই সমীকরণে বদল আসে। রাজ্যসভা সাংসদ হওয়ার কিছুদিনের মাথায় ব্যক্তিগত কারণ ও পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করে সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল মল্লিক।

অতীতে মল্লিক পরিবারের এই রাজনৈতিক অবস্থানের কথা মাথায় না রেখে, আজ টালিগঞ্জের মঞ্চে সম্পূর্ণ নিরপেক্ষ ও শ্রদ্ধাভরা দৃষ্টিভঙ্গি দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়কের মূর্তিতে মালা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী প্রটোকল ভেঙে নিজে পিছিয়ে যান এবং রঞ্জিত মল্লিককে জায়গা করে দেন। তিনি স্পষ্ট জানান, শিল্পের অগ্রজ এবং মহানায়কের একসময়ের সহকর্মী হিসেবে প্রথম শ্রদ্ধা জানানোর অধিকার রঞ্জিত বাবুরই। মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রথম মাল্যদান করেন রঞ্জিত মল্লিক। আজকের এই তারকাখচিত সৌহার্দ্যপূর্ণ মেগা অনুষ্ঠান এবং প্রবীণ শিল্পীদের প্রতি মুখ্যমন্ত্রীর অনন্য সম্মান প্রদর্শনের পর রাজনৈতিক বিশ্লেষকদের মতে— নতুন বিজেপি সরকার টলিউডকে কোনও রাজনৈতিক চশমায় না দেখে, যোগ্যতার ভিত্তিতেই চলচ্চিত্র জগতের হারানো গৌরব পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর।

Exit mobile version