Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“বলত জয় শ্রী রাম চলবে না!”—বাম ও তৃণমূল জমানাকে তুলোধোনা করে নতুন বাংলার জয়গান শুভেন্দুর!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পালাবদলের পর বদলে গিয়েছে বাংলার ছবি। যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একসময় কেবল একপেশে তোষণের সাক্ষী থাকত, মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সেই মঞ্চই সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত সুবিশাল হনুমান চালিশা পাঠের অনুষ্ঠান থেকে রীতিমতো অগ্নিশর্মা মেজাজে অতীতের ৩৪ বছরের বাম জমানা এবং বিগত ১৫ বছরের তৃণমূল শাসনকে কাঠগড়ায় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে ধর্মীয় স্বাধীনতার কণ্ঠরোধের কালো অধ্যায়, আর অন্যদিকে বর্তমান সরকারের হাত ধরে সনাতন সংস্কৃতির পুনর্জাগরণ—নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর প্রতিটি শব্দ যেন বিঁধল বিরোধীদের বুকে।

এদিন বক্তৃতা দিতে উঠে অতীতের শাসকদের তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। চাঁছাছোলা ভাষায় তিনি বলেন: “এই দেশ সাধু-সন্তদের ভূমি। এর আগে বাংলায় ৩৪ বছরের কমিউনিস্ট সরকার ধর্মপালনে অনুমতি দিত না।তাঁরা নিজেদের নাস্তিক বলতেন। তাঁরা বলত, এখানে জয় শ্রী রাম, জয় শ্রীকৃষ্ণ, জয় বজরাংবলী চলবে না!” রাজনৈতিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর এই আক্রমণ কেবল ইতিহাসের পাতা ওল্টানো নয়, বরং দীর্ঘ কয়েক দশক ধরে বাংলায় সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগকে যেভাবে দমিয়ে রাখা হয়েছিল, তার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ।

শুধু বামেদের নিশানা করেই থামেননি মুখ্যমন্ত্রী, তাঁর আক্রমণের তির ঘুরে যায় বিগত ১৫ বছরের তৃণমূল জমানার দিকেও। পূর্বতন শাসকদের বিঁধে তিনি অভিযোগ করেন, বিগত জমানায় বারবার হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে অপমান করা হয়েছে, এমনকি অযোধ্যার রাম মন্দির এবং মহাকুম্ভ নিয়েও কুরুচিকর মন্তব্য করতে ছাড়েননি তৎকালীন শাসকরা। ওয়াকিবহাল মহল ও সাধারণ মানুষের একটা বড় অংশের মতে, বিগত দুই জমানায় বাংলায় এক অদ্ভুত বৈষম্যের রাজনীতি চলত। একসময় বামেরা নাস্তিকতার দোহাই দিয়ে ধর্মীয় আবেগকে কোণঠাসা করেছিল, আর তার পরবর্তী ১৫ বছরে চরম তোষণের রাজনীতির জেরে নিজেদের ধর্মীয় উৎসব পালন করতেও আদালতের দরজায় কড়া নাড়তে হতো রাজ্যবাসীকে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই দমবন্ধ করা পরিবেশের অবসান ঘটেছে বলেই মনে করছে নাগরিক সমাজ। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি প্রতিটি মানুষ যাতে নির্ভয়ে ও গর্বের সাথে নিজের ধর্ম ও সংস্কৃতি পালন করতে পারেন, বর্তমান সরকার সেই সুস্থ পরিবেশ ফিরিয়ে দিয়েছে। নেতাজি ইন্ডোরের মতো সরকারি প্রেক্ষাগৃহে এই বিশাল হনুমান চালিশা পাঠের আয়োজনই প্রমাণ করে, বাংলায় আর কোনো বিভেদ বা তোষণের জায়গা নেই—এখন চলছে ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর জয়যাত্রা।

যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর স্বভাবতই অস্বস্তিতে পড়েছে বাম ও তৃণমূল শিবির। বিরোধীদের দাবি, অতীতেও বাংলায় সমস্ত ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে এবং উন্নয়নের প্রশ্ন থেকে নজর ঘোরাতেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে বিরোধীরা যতই সাফাই দিন না কেন, নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর এই বলিষ্ঠ বার্তা যে সাধারণ মানুষের মনের কথাকেই প্রতিধ্বনিত করেছে, তা জনসমুদ্রের উচ্ছ্বাস থেকেই স্পষ্ট। অতীতের অন্ধকার জমানা পেছনে ফেলে বাংলা যে এখন এক নতুন ও আত্মমর্যাদাশীল পথে হাঁটছে, মঙ্গলবারের এই ঐতিহাসিক অনুষ্ঠান তারই জোরালো বার্তা দিয়ে গেল।

Exit mobile version