Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছিলেন রাষ্ট্রপতিকে!”— ঝাড়গ্রামের মঞ্চ থেকে ‘বিস্ফোরক’ মুখ্যমন্ত্রী! তৃণমূলকে বেনজির আক্রমণ শুভেন্দুর!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-জঙ্গলমহলের লাল মাটিতে দাঁড়িয়ে যেন রাজনৈতিক পারদ এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভগবান বীরসা মুণ্ডার ১৫১তম জন্মজয়ন্তী তথা ‘জনজাতি গৌরব দিবস’ উপলক্ষে রবিবার ঝাড়গ্রামের বেলপাহাড়ির সাহাড়িতে আয়োজিত সরকারি মঞ্চ থেকে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ শানালেন তিনি। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগ তুলে তৃণমূলকে সরাসরি ‘আদিবাসী বিরোধী’ বলে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী।

এদিন জনজাতি সমাজের মানুষের সামনে দাঁড়িয়ে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ টেনে তিনি সরাসরি পূর্বতন শাসকদলকে নিশানা করেন। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আপনারা জানেন আদিবাসী সমাজ থেকে রাষ্ট্রপতি করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। কিন্তু তৃণমূল ওনাকে অপমান করত। মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছিলেন রাষ্ট্রপতিকে!” রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই একটি বাক্যই জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত এলাকায় পূর্বতন সরকারের ‘জনজাতি দরদ’-এর আসল চেহারাটা মানুষের সামনে বেআব্রু করে দিয়েছে। শুধু তাই নয়, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন আদিবাসী মহিলাকে বসানোর সময় তৃণমূল কংগ্রেস যেভাবে তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছিল, এদিন সেই প্রসঙ্গও মনে করিয়ে দিয়ে তৃণমূলকে ‘আদিবাসী বিরোধী’ তকমা দেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে উত্তরবঙ্গে ৯ ম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সফরে প্রোটোকল ভঙ্গ, শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান পরিবর্তন এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনো মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই সময় রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে তৎকালীন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। বীরসা মুণ্ডার জন্মজয়ন্তীর মঞ্চ থেকে সেই পুরনো ক্ষতই আরও একবার উসকে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী।

রাষ্ট্রপতি প্রসঙ্গের পাশাপাশি পূর্বতন জমানার একাধিক বঞ্চনা ও দ্বিচারিতার খতিয়ান এদিন তুলে ধরেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের প্রসঙ্গ টেনে কটাক্ষের সুরে তিনি বলেন, “আগের মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন গ্লাভস পরে!” এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। পূর্বতন সরকারের আমলে আদিবাসীদের অধিকার কীভাবে লুণ্ঠিত হয়েছিল, তা বোঝাতে গিয়ে তিনি অভিযোগ করেন, আগের সরকার অযোগ্য ব্যক্তিদের ভুয়ো এসটি (ST) সার্টিফিকেট বিলি করেছিল। তবে বর্তমান প্রশাসন যে জিরো টলারেন্স নীতি নিয়েছে, তা স্পষ্ট করে তিনি জানান যে ঝাড়গ্রামে পা রাখার আগেই তাঁর সরকার ৭৩ টি ভুয়ো এসটি সার্টিফিকেট চিহ্নিত করে বাতিল করে দিয়েছে। পাশাপাশি এদিন গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে সরাসরি জমির পাট্টা তুলে দিয়ে উন্নয়নের এক নতুন নজিরও গড়লেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে, বীরসা মুণ্ডার ১৫১তম জন্মজয়ন্তীতে ঝাড়গ্রামের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী যে বার্তা দিলেন, তা একদিকে যেমন প্রশাসনিক সাফল্যের খতিয়ান, অন্যদিকে তেমনই রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক জোরালো রাজনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক।

Exit mobile version