প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতার পুলিশ প্রশাসনে তীব্র চাঞ্চল্য! আজ, বুধবার দুপুরে কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই কলকাতার একাধিক থানায় আকস্মিক পরিদর্শনে (Surprise Visit) পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই ঝটিকা অভিযানের জেরে গোটা পুলিশ মহলে শোরগোল পড়ে গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে কলকাতার ওয়াটগঞ্জ থানায় যান এবং তার ঠিক পরপরই তিনি পৌঁছান একবালপুর থানায়। কোনো রকম প্রশাসনিক জাঁকজমক ছাড়াই সাধারণ মানুষের মতো থানায় ঢুকে সরাসরি কাজ খতিয়ে দেখতে শুরু করেন তিনি।
থানায় ঢুকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টেবিল থেকে কেস ডায়েরি ও নথিপত্র টেনে নিয়ে নিজে হাতে ফাইলপত্র খতিয়ে দেখতে শুরু করেন। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেমন, সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করছে কি না, তা খতিয়ে দেখেন তিনি। এর পাশাপাশি থানার পরিকাঠামো এবং বিশেষ করে নারী নিরাপত্তা বজায় রাখতে মহিলা পুলিশ কর্মীদের মোতায়েনের পরিস্থিতি ঠিক কেমন, তাও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ওয়াটগঞ্জ ও একবালপুর থানার লক-আপ রুমেও নিজে গিয়ে সরাসরি নজরদারি চালান পুলিশমন্ত্রী। এদিনের এই ঝটিকা সফরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডিসিপি (পোর্ট ডিভিশন) হরিকৃষ্ণ পাই-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
কলকাতা পুলিশের দুই গুরুত্বপূর্ণ থানা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সোজা চলে যান মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত রাজ্য দমকল ও জরুরি পরিষেবা বিভাগের (Fire and Emergency Services) সদর দফতরে। সেখানে অতিরিক্ত প্রধান সচিব খলিল আহমেদ এবং দমকলের ডিজি অনুজ শর্মাকে সঙ্গে নিয়ে গোটা দফতরের কাজ ও পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ এবং দ্রুত আইনি প্রতিকার দেওয়ার ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের তৎপরতা কতখানি সক্রিয়, তা একদম মাঠ স্তরে নেমে সরজমিনে খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রী এই ঝটিকা সফরটি করেছেন। পূর্ব ঘোষণা ছাড়াই খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের এভাবে থানায় থানায় হানা দেওয়ার ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে কলকাতা পুলিশের অন্দরে।
