Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বারুইপুর কাণ্ডে চরম হুঁশিয়ারি! মঙ্গলবারই পুলিশ সুপারের দফতরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা নির্যাতন ও মৃত্যুর ঘটনায় এবার সরাসরি প্রশাসনিক অ্যাকশনে নামছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিস্থিতি ও তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে আগামীকাল, মঙ্গলবারই তিনি বারুইপুরের পুলিশ সুপার (SP) কার্যালয়ে যাচ্ছেন। সোমবার কলকাতায় এক কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী নিজেই এই হাই-প্রোফাইল সফরের কথা জানান। একই সঙ্গে বারুইপুরের উত্তপ্ত পরিস্থিতির পেছনে গভীর চক্রান্ত রয়েছে বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি।

ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, এই জঘন্য অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড নিশ্চিত করতে সরকার সব রকম আইনি লড়াই লড়বে। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “শোকগ্রস্ত পরিবারটি প্রশাসনের ওপর আস্থা রেখেছে। তাঁদের সব দাবি পূরণ করা হবে।”

ইতিমধ্যেই আইজি-র নেতৃত্বে গঠিত ‘সিট’ (SIT) ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর যেভাবে রেল অবরোধ, গণপিটুনি বা পুলিশ ও সিআরপিএফ-এর ওপর হামলা চালানো হয়েছে, তার পেছনে সুপরিকল্পিত রাজনৈতিক উস্কানি রয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। এই উস্কানিদাতাদের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবারের এই হাই-প্রোফাইল সফরের দিকেই এখন নজর গোটা রাজ্যের।

Exit mobile version