Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু! স্বজনহারাদের জড়িয়ে ধরে বিরাট আর্থিক ঘোষণা নবান্নের, চরম শাস্তির মুখে মূল অভিযুক্ত?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মুর্শিদাবাদের গোবিন্দপুরের মর্মান্তিক রেলগেট দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়াতে আজ সশরীরে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বহরমপুর স্টেডিয়ামে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে সোজা চলে যান দুর্ঘটনাস্থল কর্ণসুবর্ণ সংলগ্ন গোবিন্দপুর এলাকায়। ফুলকাননের মতো নিষ্পাপ শিশুদের অকালমৃত্যুতে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যের প্রশাসনিক প্রধান। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের চোখের জল মোছানোর পাশাপাশি একগুচ্ছ বড় ঘোষণা করেন তিনি।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে কোনো খামতি রাখেনি নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারগুলির হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেন। দুর্ঘটনায় মৃত ৫ জনের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছে।

আর্থিক সাহায্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, স্বজনহারা প্রতিটি পরিবারের একজন করে সদস্যকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি (সিভিক ভলান্টিয়ার বা উপযুক্ত পদ) দেওয়া হবে। এর ফলে তাঁদের আর রুটিরুজির জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না।

এই ভয়াবহ দুর্ঘটনার নেপথ্যে থাকা চরম গাফিলতিকে কোনোভাবেই রেয়াত করতে রাজি নন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শনের পর পুলিশের শীর্ষ আধিকারিকদের কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অভিযুক্ত গেটম্যান হেফাজতে থাকাকালীনই দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশ করতে হবে। আদালতে এমনভাবে সওয়াল করতে হবে যাতে এই ক্ষমার অযোগ্য অপরাধের জন্য মূল অভিযুক্তের মৃত্যুদণ্ড বা চরম শাস্তি (Capital Punishment) নিশ্চিত হয়।” মামলার অগ্রগতি সরাসরি তদারকি করার জন্য তিনি স্থানীয় বিজেপি বিধায়ক ভরত কুমার ঝাওয়ার এবং জেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ জুলাই সকালে গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ে স্কুল পড়ুয়া বোঝাই একটি গাড়িতে ট্রেন ধাক্কা মারলে ৪ জন স্কুলছাত্র সহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর আজ মুখ্যমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফর এবং কঠোরতম আইনি পদক্ষেপের নির্দেশ প্রশাসনের তৎপরতাকে এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিয়েছে।

Exit mobile version