Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ভোটে ‘গড়াপেটা’র মারাত্মক অভিযোগ! মোদী-শাহ ও নির্বাচন কমিশনারের একযোগে পদত্যাগ দাবি কংগ্রেসের!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দেশের ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া তথা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এবার নজিরবিহীন বিস্ফোরক অভিযোগ তুলল প্রধান বিরোধী দল কংগ্রেস। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হিসেবে কাজ না করে কেন্দ্র সরকারের অঙ্গুলিহেলনে চলছে দাবি করে কংগ্রেস সরাসরি অভিযোগ করেছে, “গড়েপেটা ভোট, নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটা গড়াপেটা”। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) নয়াদিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে আয়োজিত কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC)-র মেগা বৈঠকে এই বিষয়ে একটি কঠোর নিন্দা প্রস্তাব পাশ করা হয়। বৈঠকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বৈঠক শেষে কংগ্রেসের পক্ষ থেকে আনা প্রস্তাবে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, দেশের এই নির্বাচনী ‘ম্যাচ ফিক্সিং’ বা গড়াপেটার পেছনে আসলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। কংগ্রেসের অভিযোগ, “মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হয়ে এই প্রাতিষ্ঠানিক ‘ভোট চুরি’ (Vote Chori)-র আয়োজন করেছেন। আমাদের সংবিধান ও কষ্টার্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হলে তাদের পদত্যাগ ছাড়া আর কোনো পথ নেই।” কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সাধারণ মানুষের ভোটাধিকার হরণের এই গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রস্তাবে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনের বিতর্কিত ‘SIR’ প্রক্রিয়ার নামে দেশের প্রায় ১৩ কোটি ৩০ লক্ষ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণ ছেঁটে ফেলা হয়েছে। বিরোধীদের দাবি, এটি কোনো সাধারণ বা প্রযুক্তিগত ভুল নয়, বরং পদ্ধতিগতভাবে বেছে বেছে সরকার-বিরোধী ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার এক সুনিয়োজিত চক্রান্ত।

দিল্লিতে বিরোধী ‘ইন্ডি’ (INDIA) ব্লকের মেগা বৈঠকের ঠিক আগের দিন কংগ্রেস এই মেগা বৈঠক থেকে ৪টি প্রধান দাবি তুলেছে। নির্বাচনী গড়াপেটার নৈতিক দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের অবিলম্বে ইস্তফা। লোকতন্ত্রের অবমাননার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দ্রুত অপসারণ বা পদত্যাগ। দেশজুড়ে চলমান ভোটার তালিকার বিশেষ সংশোধন বা ‘SIR’ প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করা। যে ১৩.৩ কোটি ভারতীয় নাগরিকের নাম তালিকা থেকে কাটা গিয়েছে, তাদের নাম দ্রুত ভোটার তালিকায় ফিরিয়ে আনা। এদিকে, ভারতীয় জনতা পার্টি (BJP) এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও আইনিভাবে সঠিক প্রক্রিয়া বলে বারবার দাবি করা হয়েছে। তবে, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বড় বৈঠকের ঠিক আগে কংগ্রেসের এই সরাসরি “গড়াপেটা ভোট”-এর আক্রমণ ভারতের রাজনৈতিক আবহকে চরম উত্তপ্ত করে তুলেছে।

Exit mobile version