প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী আইন, আদালত কিছুই মানেন না। তিনি বারবার সংবিধানকে চ্যালেঞ্জ জানান। এমনকি আদালতের পক্ষ থেকে একাধিক নির্দেশ আসার পরেও তিনি সেটাকে চ্যালেঞ্জ করে যাতে সেই নির্দেশ তাদেরকে মানতে না হয়, তার জন্য সমস্ত কৌশল অবলম্বন করেন। তাই আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যে রায় সামনে এসেছে, তার পরিপ্রেক্ষিতে সেই রায় আসার আগেই বিরাট সংশয় প্রকাশ করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি জানিয়ে দিয়েছিলেন যে, এই রায় যদি রাজ্যের বিরুদ্ধেও যায় এবং সরকারি কর্মচারীদের পক্ষেও আসে, তাহলেও এই রাজ্য সরকার হয়ত তাকে মানবে না। তাই যতদিন না এই রাজ্যে পরিবর্তন হচ্ছে, ততদিন এই পরিস্থিতিই চলতে থাকবে বলে দাবি করেছিলেন তিনি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই বকেয়া মহার্ঘ ভাতা মামলায় বিরাট রায়দান করেছে সুপ্রিম কোর্ট। যেখানে জানানো হয়েছে যে, ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এমনকি যে ৭৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা রয়েছে, তা মেটানোর ব্যাপারে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। স্বাভাবিকভাবেই এই রায় যে রাজ্যের বিরুদ্ধে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে সাত সকালে এই রায় প্রকাশ হওয়ার আগেই এই রাজ্য সরকার এবং বর্তমান মুখ্যমন্ত্রী আইন আদালত কিছুই মানেন না, সেই ব্যাপারে মন্তব্য করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ডিএ নিয়ে অনেকবার মামলা হয়েছে। কোর্ট বলে দিয়েছে, এটা অনুদান নয়, এটা অধিকার। কিন্তু যাই আসুক, পশ্চিমবঙ্গ সরকার মানলে তো! তিনি আদালত মানেন না, তিনি সুপ্রিম কোর্ট মানেন না, তিনি নির্বাচন কমিশন মানবেন না, তিনি সংবিধান মানবেন না। তাহলে কি করে হবে? যতদিন না পরিবর্তন হচ্ছে, ততদিন চলতেই থাকবে।” তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের পর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়েছে। এখন দেখার বিষয়, দিলীপ ঘোষের কথা অনুযায়ী রাজ্য সরকার সত্যিই কি এই রায় নিয়ে কিছু বলে, নাকি অতীতের মতই চলতে থাকে গোটা পরিস্থিতি, সেদিকেই নজর থাকবে সকলের।
