Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ব্যাঙ্ক লকার খুলতেই উদ্ধার সোনার চেন, ধৃত তৃণমূল নেতা দেবরাজকে জেরা করে বড়সড় সাফল্য পুলিশের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আয় বহির্ভূত সম্পত্তি এবং তোলাবাজি মামলায় ধৃত বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে জেরা করে বড়সড় সাফল্যের মুখ দেখল পুলিশ। হেফাজতে থাকা এই নেতাকে লাগাতার জিজ্ঞাসাবাদের পর নাগেরবাজার এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিশেষ অভিযান চালায় বাগুইআটি থানার পুলিশ ও বিশেষ তদন্তকারী দল (SIT)। সেখানে দেবরাজের নামে থাকা একটি ব্যক্তিগত লকার থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা।

তদন্তকারী সূত্রে জানা গেছে, লকারটি থেকে মোট ১৫০ গ্রাম ওজনের ৪টি ভারী সোনার চেন উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য লাখ লাখ টাকা। এই বিপুল পরিমাণ সোনার গয়না কেনার অর্থের উৎস কী, সে বিষয়ে ধৃত নেতা পুলিশের কাছে এখনো কোনো বৈধ নথি বা সদুত্তর দিতে পারেননি।

পুলিশ সূত্রে খবর, শুধু নাগেরবাজারই নয়, বাগুইআটি এবং চিনার পার্ক এলাকার আরও বেশ কয়েকটি ব্যাঙ্কেও দেবরাজ চক্রবর্তীর অ্যাকাউন্ট রয়েছে। তদন্তকারীদের অনুমান, গ্রেফতারির ঠিক আগের কয়েকদিনে এই অ্যাকাউন্টগুলি থেকে বিপুল অঙ্কের টাকা রহস্যজনকভাবে তুলে নেওয়া হয়েছে। সেই টাকার খোঁজে এবার বাকি ব্যাঙ্কগুলির লকার এবং লেনদেনের ইতিহাস (Statement) খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, জমি দখল, সিন্ডিকেট রাজ এবং স্থানীয় প্রোমোটারদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা তোলার একাধিক অভিযোগে পুলিশি নজর এড়াতে পলাতক ছিলেন দেবরাজ। গত সপ্তাহে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানার একটি গোপন ডেরা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) তাঁকে গ্রেফতার করে। বর্তমানে এই আর্থিক দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, তা জানতে রাজ্য পুলিশের তৈরি করা ৬ সদস্যের সিট (SIT) যেমন তদন্ত করছে, তেমনই কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ED) টাকা নয়ছয়ের অভিযোগে পৃথক মামলা দায়ের করে কোমর বেঁধে নেমেছে। গোয়েন্দাদের সন্দেহ, তোলাবাজির এই বিপুল টাকা বেনামী সংস্থায় খাটানো হয়েছে। আপাতত পুলিশ হেফাজতে থাকা দেবরাজকে জিজ্ঞাসাবাদ করে আরও বড় কোনো সম্পত্তির হদিস মেলে কি না, সেটাই এখন দেখার।

Exit mobile version