Site icon প্রিয় বন্ধু মিডিয়া

গ্রেফতারির ৩৫ দিনেই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট! সিন্ডিকেট ও লকারের সোনার বিস্ফোরক উল্লেখ!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ (MMIC) দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারির ঠিক ৩৫ দিনের মাথায় বারাসাত আদালতে চার্জশিট পেশ করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই চার্জশিটে তাঁর বিরুদ্ধে অত্যন্ত গুরুতর সব অভিযোগের বিবরণ ডিজিটাল ও তথ্যগত প্রমাণসহ আদালতে জমা দেওয়া হয়েছে। তদন্তকারী অফিসারদের জমা দেওয়া এই চার্জশিটে মূলত দুটি প্রধান বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চার্জশিটে বিধাননগর ও রাজারহাট এলাকার একাধিক প্রোমোটারের লিখিত বয়ান যুক্ত করা হয়েছে। সেখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, দেবরাজ চক্রবর্তী নিজের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে আবাসন নির্মাতাদের ওপর চাপ সৃষ্টি করতেন। প্রোমোটারদের কাছ থেকে বড় অঙ্কের টাকা তোলাবাজি করা হতো এবং তা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হতো। তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তীর নামে থাকা দুটি ব্যাঙ্ক লকারের সন্ধান পান তদন্তকারীরা। আদালতের অনুমতি নিয়ে সেই লকারগুলি খোলার পর সেখান থেকে বিপুল পরিমাণ সোনা পাওয়া যায়।

পুলিশ সূত্রে খবর, এই সোনার উৎস এবং আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তির বিষয়টিও তদন্তে উঠে এসেছে, যা এই চার্জশিটের একটি অন্যতম প্রধান ভিত্তি।
সাধারণত এই ধরনের মামলার ক্ষেত্রে চার্জশিট জমা পড়তে দীর্ঘ সময় লাগলেও, এই ক্ষেত্রে মাত্র ৩৫ দিনের মাথায় পুলিশ চার্জশিট পেশ করায় আইনি প্রক্রিয়া অত্যন্ত গতি পেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Exit mobile version