Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অফিসে থরে থরে সাজানো কোটি টাকা, আর এখন সিবিআই চাইছেন বিধায়ক! ‘ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি’ দশা শামিমের?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কথায় বলে, ‘চোরের মায়ের বড় গলা’! ডায়মন্ড হারবারের সরিষার দলীয় কার্যালয় থেকে থরে থরে সাজানো ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের পর মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের সাম্প্রতিক গতিবিধি দেখে রাজ্য রাজনীতির অন্দরে এখন এই প্রবাদটিই সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে। আলিপুর আদালতে পুলিশ যখন বুক ঠুকে দাবি করছে যে, এই বিপুল পরিমাণ নগদ অর্থ আদতে ‘তোলাবাজির টাকা’, ঠিক তখনই গ্রেফতারির ভয়ে কাঁপতে কাঁপতে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়লেন বিধায়ক মশাই। দাবি কী? না, এই ঘটনার নাকি সিবিআই (CBI) তদন্ত চাই! যাঁরা একদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম শুনলেই ‘বিজেপির তোতাপাখি’ বলে রে-রে করে তেড়ে আসতেন, আজ রাজ্যে পালাবদলের পর নিজের পিঠ বাঁচাতে সেই সিবিআই-ই তাঁদের একমাত্র ভরসা? রাজনীতির কারবারিরা বলছেন, একেই বলে সময়ের পরিহাস!

বিধায়ক শামিম আহমেদ দাবি করছেন, পুলিশ নাকি তাঁকে ফাঁসিয়েছে। তাঁর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে, তাই তিনি আতঙ্কে আছেন। বেশ কথা! কিন্তু সাধারণ মানুষের মনে যে সহজ প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, তার উত্তর বিধায়ক দেবেন কি? সরিষার যে কার্যালয় থেকে গত ৪ নভেম্বর এই কোটি টাকার পাহাড় উদ্ধার হলো, সেটি তো বিধায়কের নিজেরই ব্যবহৃত অফিস! প্রশ্ন উঠছে, একটি রাজনৈতিক দলের সাধারণ কার্যালয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ এল কোথা থেকে? সেখানে কি কোনো ব্যাঙ্কের শাখা খোলা হয়েছিল, নাকি কোনো রিজার্ভ ব্যাঙ্কের ভল্ট? সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধৃত আপ্তসহায়ক সুমিত রায়কে জেরা করেই তো পুলিশ এই টাকার হদিশ পেয়েছে বলে দাবি করছে। তাহলে কি ‘ভাইপো-ঘনিষ্ঠ’ সুমিতের তোলাবাজির সাম্রাজ্যের সেফ হাউস হয়ে উঠেছিল শামিম আহমেদের এই কার্যালয়?

বিধায়ক বলছেন, পুলিশ নাকি তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার বা বয়ান দেওয়ার জন্য চাপ দিয়েছিল। আর তিনি সেই ‘অনৈতিক’ প্রস্তাবে রাজি হননি বলেই নাকি তাঁর অফিসে পুলিশ নিজেই ১ কোটি টাকা সাজিয়ে রেখে উদ্ধার করেছে! শুনলে পাড়ার ছোট ছেলেও হাসবে! ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে, কোনো পুলিশ আধিকারিকের কি পকেটে এতটাই বাড়তি ১ কোটি ২ লক্ষ টাকা থাকে যে, একজন বিধায়ককে ফাঁসানোর জন্য তাঁরা নিজেরাই অত টাকা পার্টি অফিসে রেখে আসবেন? নাকি এটা আসলে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের পরিণতি দেখে আগাম রক্ষাকবচ জোগাড় করার মরিয়া চেষ্টা? গারদের ওপারে যাওয়ার ভয় যে মানুষকে দিয়ে কত কী বলাতে পারে, শামিম আহমেদের হাইকোর্টে যাওয়াটাই তার জ্বলন্ত প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

একসময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে মমতা-অভিষেকের ছত্রছায়ায় এসে এলাকায় দাপট দেখিয়েছিলেন শামিম। কিন্তু রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবং প্রশাসনের রাশ শক্ত হতেই সেই পুরনো দাপট এখন উধাও। ভাইফোঁটার দিন চার নিরাপত্তারক্ষী সরে যেতেই বিধায়কের রাতের ঘুম উড়ে গিয়েছে। যাঁরা এতদিন ক্ষমতার অলিন্দে থেকে ধরাকে সরা জ্ঞান করতেন, আজ আইনের নাগপাশ গলায় পড়ার উপক্রম হতেই তাঁদের মুখে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র বুলি! আলিপুর আদালতে পুলিশ স্পষ্ট জানিয়েছে, এটি কোনো সাধারণ টাকা নয়, রীতিমতো তোলাবাজির কালো টাকা। এখন হাইকোর্টের বিচারপতিদের সামনে বিধায়ক শামিম আহমেদ কীভাবে প্রমাণ করেন যে, তাঁর অফিসে পাওয়া কোটি টাকা আসলে ‘হাওয়া থেকে’ বা ‘পুলিশের পকেট থেকে’ এসেছে—সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। নাকি সিবিআই তদন্তের দাবি আসলে সময় কেনার একটা সস্তা কৌশল মাত্র? উত্তর দেবে আদালত, আর বিচার করবে বাংলার মানুষ।

Exit mobile version