Site icon প্রিয় বন্ধু মিডিয়া

গুলির হুঁশিয়ারির পরেই বন্দুক হাতে ময়দানে! খড়গপুরে আরপিএফ শুটিং রেঞ্জে লক্ষ্যভেদ দিলীপ ঘোষের!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অপরাধ দমনে “এনকাউন্টার” ও সরাসরি গুলি চালানোর কড়া বার্তা দেওয়ার ঠিক পরদিনই এবার নিজে হাতে পিস্তল তুলে নিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। আজ, ২৪ আগস্ট ২০২৬ (সোমবার), পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের মালঞ্চ সংলগ্ন রেলের আরপিএফ (RPF) ট্রেনিং সেন্টারের শুটিং ক্লাবে যান মন্ত্রী। সেখানে তাঁকে পেশাদার শুটারদের মতো নিখুঁত নিশানায় পিস্তল হাতে শুটিং অনুশীলন করতে দেখা যায়। মন্ত্রীর পিস্তল তাক করার এই ছবি ও ভিডিও সামনে আসতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

এর ঠিক আগের দিন, অর্থাৎ ২৩ আগস্ট (রবিবার) খড়গপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে গুন্ডা-মাফিয়া ও তোলাবাজদের উদ্দেশ্যে অত্যন্ত কড়া ও বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে, খড়গপুর থেকে মাফিয়ারাজ ও অপরাধমূলক কার্যকলাপ সম্পূর্ণ নির্মূল করতে পুলিশকে ‘ফ্রি-হ্যান্ড’ বা পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

অপরাধীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, “যদি প্রয়োজন হয়, তবে বারুইপুরের মতো এখানেও এনকাউন্টার হবে। গুন্ডা-মাফিয়ারা ভাত-ডালের বদলে এবার সরাসরি গুলি খাবে।” সেই বিতর্কিত ও কড়া মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে যখন তুমুল চর্চা চলছে, তার ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার সকালে নিজেই বন্দুক হাতে শুটিং রেঞ্জে নেমে পড়ায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Exit mobile version