প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২১ জুলাইয়ের মঞ্চ থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া “দিন পাল্টানো” সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে এবার অত্যন্ত বিস্ফোরক ও কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। অতীতে নিজের ওপর হওয়া রাজনৈতিক আক্রমণের প্রসঙ্গ টেনে আজ তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। সাংবাদিক বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমার সঙ্গে যা করেছে তার বদলে আমি তো কিছুই করিনি। আজ যদি করতাম, টেনে রাস্তায় জামাকাপড় খুলে পেটাতাম। এখনও করতে পারি।”
তীব্র আক্রমণ শানালেও দিলীপ ঘোষ পরক্ষণেই নিজের ক্ষোভ কিছুটা সামলে নিয়ে বলেন, “দিন পাল্টেছে বলেই তো পশ্চিমবঙ্গের লোক ১৫ বছর অপেক্ষা করে এই দিনটা দেখতে পেল। কিন্তু আমাদের একটা সংস্কার আছে, নীতি আদর্শ আছে, তাই আমরা আইন হাতে তুলে নিয়ে ওসব করব না।”
২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু রাজনৈতিক বয়ানকে তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি সাফ জানান, বড় বড় ডায়লগ দেওয়ার আগে বা গণতন্ত্রের পাঠ শেখানোর আগে একবার নিজেদের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবার ঘুরে আসা উচিত।
২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, এতদিন ধরে শহিদ পরিবারের আবেগকে ব্যবহার করে স্রেফ রাজনৈতিক ব্যবসা ও ধোঁকাবাজি করা হয়েছে, তাঁদের প্রকৃত কোনো বিচার দেওয়া হয়নি।
তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙন এবং এই কর্মসূচি নিয়ে আইনি টানাপোড়েনের কথা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, এখন আর জনতা তাঁদের পাশে নেই। মানুষ এই গুণ্ডাগিরি থেকে মুক্তি চেয়েছিল বলেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তন এসেছে।
