Site icon প্রিয় বন্ধু মিডিয়া

চিংড়িঘাটা ফ্লাইওভার কাণ্ডে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ! কী কারণে দুর্ঘটনা? জানিয়ে দিলেন স্পষ্ট বার্তা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতার উড়ালপুল ও প্রধান রাস্তাগুলিকে ‘রামধনু’ রঙে সাজানো এবং তার জেরে ঘটে যাওয়া বাইক দুর্ঘটনার বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ। চিংড়িঘাটা ফ্লাইওভারে চলন্ত মোটরবাইকের চাকা পিছলে যাওয়ার ঘটনাটি সামনে আসতেই যখন নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল, ঠিক তখনই এই ঘটনার নেপথ্যের কারণ নিয়ে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, উড়ালপুলের ওপর যে দুর্ঘটনাটি ঘটেছে তার প্রাথমিক কারণ মূলত আবহাওয়া। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “স্কিট হয়েছে বৃষ্টি হওয়ার জন্য, অন্য কোনও কারণে স্কিট হয়েছে কিনা সরকারের নজরে আছে।” তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি যেমন কেবল রঙের কারণে দুর্ঘটনা ঘটার তত্ত্বকে সরাসরি মান্যতা দেননি, তেমনই প্রশাসন যে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে—সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন।

উৎসবের আবহে শহরকে রঙিন করে তুলতে সম্প্রতি চিংড়িঘাটা ও গড়িয়াহাট উড়ালপুলের পিচ রাস্তার ওপর লাল, গোলাপি, হলুদ ও কমলার মতো উজ্জ্বল রঙের প্রলেপ দেওয়া হয়। কিন্তু বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরে এক পশলা বৃষ্টির পরই দেখা যায় এক চাঞ্চল্যকর দৃশ্য। সামান্য বৃষ্টিতে ভেজা সেই রঙিন রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর কয়েকটি মোটরসাইকেল পিছলে পড়ে যায়। একটি গাড়ির ড্যাশ-ক্যামে ধরা পড়া সেই দুর্ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই পথচলতি মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দেয়।

উড়ালপুলের পিচ্ছিল ভাব নিয়ে নাগরিক মহলে উদ্বেগ তৈরি হতেই নবান্নের নির্দেশে রাতারাতি ময়দানে নেমেছে প্রশাসন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল ইতিমধ্যেই জানিয়েছেন যে, রাস্তায় কোনো সাধারণ পিচ্ছিল তেল রং ব্যবহার করা হয়নি, বরং গাড়ি চলাচলের সুবিধার জন্য ‘অ্যান্টি-স্কিড’ (Anti-skid) বিশেষ প্রযুক্তির রং ব্যবহার করা হয়েছিল। তবে সাধারণ মানুষের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতিমধ্যেই বেশ কিছু বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই চিংড়িঘাটা উড়ালপুলের বাইক আরোহীদের পিছলে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান করতে একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। চাকার গ্রিপ বাড়াতে এবং বাইকের গতি নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই চিংড়িঘাটা ফ্লাইওভারের ওই বিতর্কিত বাঁকে হলুদ রঙের বিশেষ ফাইবার ব্লক ও স্পিড ব্রেকার বসানো হয়েছে। রঙের উজ্জ্বলতার কারণে রাতে চালকদের চোখ ধাঁধিয়ে যাওয়ার কোনও সমস্যা হচ্ছে কিনা, তা কেএমডিএ (KMDA)-র ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন।সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আসানসোল সহ রাজ্যের অন্যান্য প্রান্তেও উড়ালপুলের ওপর এই ধরনের রঙের কাজ আপতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিলীপ ঘোষের আজকের বক্তব্য এবং প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ প্রমাণ করে যে, উৎসবের মরসুমে সাধারণ মানুষের পথনিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার কোনো রকম আপস করতে রাজি নয়।

Exit mobile version