Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নিউ ফারাক্কায় খোদ জিএম-এর সারপ্রাইজ! মাঝরাস্তায় দাঁড়িয়ে রেল শ্রমিকদের হাততালি দিয়ে কুর্নিশ গীতিকা পাণ্ডের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মালদহ ডিভিশনের নিউ ফারাক্কা ও তিলডাঙা স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইনের নিচে মাটি ধসে গিয়ে (Bank Subsidence) উত্তরবঙ্গগামী ট্রেন চলাচলে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, তা স্বাভাবিক করতে দিন-রাত এক করে কাজ করছেন রেলের ইঞ্জিনিয়ার এবং মাঠপর্যায়ের শ্রমিকরা। আর এই হাড়ভাঙা খাটুনি ও অবদানের জন্য কর্মীদের মনোবল তুঙ্গে তুলতে এক নজিরবিহীন দৃশ্য দেখা গেল দুর্ঘটনাস্থলে। আজ, ৫ সেপ্টেম্বর (শনিবার) ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করতে এসে মাঠে কর্মরত রেলের গ্যাংম্যান, ইঞ্জিনিয়ার ও চুক্তিভিত্তিক শ্রমিকদের সামনে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁদের অভিনন্দন জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (GM) গীতিকা পাণ্ডে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে অবিরাম কাজের গতি দেখে কর্মীদের সরাসরি পিঠ চাপড়ে দিয়ে তিনি বলেন, “আপনারা খুব ভাল কাজ করছেন!” দেশের অন্যতম শীর্ষ রেলকর্তা নিজে মাঠে নেমে এভাবে হাততালি দিয়ে অভিবাদন জানানোয় কাজ করতে থাকা কয়েকশো শ্রমিকের মনোবল এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়।

দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব রেলের জিএম গীতিকা পাণ্ডে কাজের বিবরণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। জিএম জানিয়েছেন, পূর্ব রেলের সদর দফতরের বিশেষ ‘ওয়ার রুম’ এবং মালদহ ডিভিশনের কন্ট্রোল রুমের মাধ্যমে অত্যন্ত সমন্বিত পরিকল্পনায় কাজ চালানো হচ্ছে। যার ফলে এই লাইনে বিপর্যয় থাকা সত্ত্বেও গত দুদিনে প্রায় ১৬০টিরও বেশি ট্রেনের যাতায়াত সুরক্ষিতভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।

ট্র্যাকের প্রায় ৯০ শতাংশের বেশি পুনরুদ্ধার কাজ ইতিমধ্যেই সফলভাবে শেষ। বর্তমানে লাইনের ট্র্যাক অ্যালাইনমেন্ট ও সিগন্যালিংয়ের শেষ মুহূর্তের ফিনিশিং পরীক্ষা চলছে। যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে খুব দ্রুতই এই লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল চালু করার সবুজ সংকেত দেওয়া হবে। দুর্যোগ উপেক্ষা করে দিনরাত এক করে কাজ করা রেলের সাধারণ গ্রাউন্ড স্টাফদের সঙ্গে দেশের একজন শীর্ষ রেলকর্তার মাটিতে দাঁড়িয়ে এভাবে উৎসাহ দেওয়ার এই ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

Exit mobile version