Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এবার ববি হাকিমের অফিস ঘেরাও করবেন হুমায়ুন? নতুন দল ঘোষণার দিনেই কড়া সতর্ক বার্তা!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ রাজ্য রাজনীতিতে সকলেরই নজর ছিল, হুমায়ুন কবীরের নতুন দল গঠনের দিকে। ইতিমধ্যেই দল ঘোষণা করেছেন তিনি। আর প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ভরতপুরের বিধায়ক। পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেছেন তিনি। আর সেই মঞ্চ থেকেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ববি হাকিমকে রীতিমত সতর্ক বার্তা দিয়ে চরম হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর। যাকে কেন্দ্র করে রীতিমত সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

ববি হাকিমের বিরুদ্ধে ক্ষোভ যে তিনি অনেক আগে থেকেই পোষণ করে রেখেছিলেন, তা তৃণমূল সাসপেন্ড করার দিনেই স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন কবীর। আর আজ অলআউট আক্রমণে নামতে দেখা গেল তাকে। নতুন দল গঠনের মঞ্চ থেকেই তার এই নতুন দলে যিনি রাজ্য কমিটিতে রয়েছেন, তাকে আসতে দেওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছেন ববি হাকিমের লোকেরা বলে অভিযোগ করলেন তিনি। আর তারপরেই তার মাথা গরম হলে তিনি ব্রিগেডে যেদিন সভা করবেন, সেদিনই লোক নিয়ে গিয়ে মেয়র অফিস ঘেরাও করবেন বলে মন্তব্য করলেন ভরতপুরের বিধায়ক।

এদিন মুর্শিদাবাদে নয়া দল গঠনের মঞ্চ থেকে বড় মন্তব্য করেন হুমায়ুন কবীর। ববি হাকিমকে উদ্দেশ্য করে হুমায়ুন বাবু বলেন, “আতাহার সাহেব। তার বয়স ৬৬ বছর। তিনি আমার দলের কমিটিতেও রয়েছেন। তার আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল। রাত্রি ১০ টার সময় জনাব ফিরহাদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার স্ত্রীকে, তার ছেলেকে অনেক ধমকি দিয়ে এসেছে। আমি ফিরহাদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে, প্রয়োজন হলে সেই ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরবো। দেখব, আপনি কত ক্ষমতা দেখাতে পারেন। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব সাদামাটা। আমি এমনি পোস্তর বড়া, আলু সিদ্ধ, মাছের ঝোল, ভাত খেয়ে থাকি। তার মানে এই নয়, আমার শক্তি মাপতে যাবেন না। জনগনই আমার শক্তি।”

Exit mobile version