প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিধানসভা নির্বাচনের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই রাজ্যে আছড়ে পড়ল কেন্দ্রীয় সংস্থার বড় পদক্ষেপের ঢেউ। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সরাসরি রাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রীকে ‘চড়ান্ত হুঁশিয়ারি’ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৪ এপ্রিল দমকল মন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ভোটের ঠিক মুখে মন্ত্রীদের এই তলব ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চরম উত্তেজনা— তবে কি এবার বড় কোনো মোড় নিতে চলেছে এই তদন্ত?
পুর নিয়োগ মামলার তদন্তে ইডি গত কয়েক মাস ধরেই তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, নিয়োগের বিনিময়ে হওয়া লেনদেনের শিকড় অনেক গভীরে। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে এটি তাঁদের চতুর্থবার তলব করা হয়েছে।
এর আগে নির্বাচনী প্রচারের ব্যস্ততা এবং অসুস্থতার কথা জানিয়ে দুজনেই হাজিরা এড়িয়েছিলেন। কিন্তু এবার ভোটের নির্ঘণ্টের মধ্যেই এই সমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে, বারবার সমন এড়ানোর পর এবার হাজিরা না দিলে ইডি আদালতে কড়া রিপোর্ট জমা দিতে পারে, যা আইনিভাবে মন্ত্রীদের জন্য অস্বস্তিকর হতে পারে।
নির্বাচনী লড়াইয়ের ময়দানে সুজিত বসু (বিধাননগর) এবং রথীন ঘোষ (মধ্যমগ্রাম) দুজনেই শাসকদলের অন্যতম প্রধান মুখ। প্রচারের শেষলগ্নে ইডির এই সক্রিয়তাকে তৃণমূল কংগ্রেস ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবে দেখলেও, তদন্তকারী সংস্থা তাদের আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে অনড়।
রাজনৈতিক মহলের প্রশ্ন— ২৪ এপ্রিল হাজিরা দিয়ে কি তাঁরা তদন্তে সহযোগিতা করবেন, নাকি কেন্দ্রীয় সংস্থা নিতে চলেছে কোনো ‘অপ্রত্যাশিত’ পদক্ষেপ নিতে চলেছে?
সারা রাজ্যের নজর এখন সিজিও কমপ্লেক্সের দিকে। বুধবার সকালে দুই হেভিওয়েট মন্ত্রী হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার।
