প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উৎসবের মরশুমের ঠিক মুখেই কলকাতা জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)-এর নজিরবিহীন মহাতল্লাশি। আজ, মঙ্গলবার সাতসকালে শহরের বুকে ফের বড়সড় অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ইডির মূল টার্গেট তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। আজ ভোর থেকেই তাঁর কসবা, হিন্দুস্তান পার্ক ও হাইল্যান্ড পার্কের বাসভবনে একযোগে হানা দিয়েছেন তদন্তকারীরা। মন্ত্রীর বাড়ি ছাড়াও তাঁর একাধিক আত্মীয় এবং এক ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীর বাড়িসহ শহর কলকাতার মোট ১০টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, এই মেগা অভিযানের নেপথ্যে রয়েছে দুর্গাপুজোর পাস এবং প্রিভিউ শো-কে কেন্দ্র করে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার এক বিশাল আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। অভিযোগ উঠেছে, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর, আন্তর্জাতিক এই সংস্থার নাম ও লোগো অপব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে।
২০২২ সালে ‘মাস আর্ট’ (Mass Art) নামক একটি বিশেষ সংস্থা গড়ে তোলা হয়, যার নেপথ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রীর স্ত্রী মধুছন্দা সেন। অভিযোগ, এই সংস্থাটি নিজেদের ইউনেস্কোর অফিশিয়াল পার্টনার বলে দাবি করত এবং পুজো শুরু হওয়ার আগেই কলকাতার বিখ্যাত প্রায় ২৪টি মণ্ডপের প্রিভিউ শো দেখানোর নামে দর্শকদের কাছে চড়া মূল্যে ভুয়ো পাস ও টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছিল।
ইন্দ্রনীল সেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তাঁর প্রভাব খাটিয়েই এই বিপুল টাকার দুর্নীতি চালানো হয়েছিল বলে প্রাথমিক অনুমান ইডির। সেই আর্থিক দুর্নীতির টাকার উৎস (Money Trail) খুঁজতেই আজ সকাল থেকে ইন্দ্রনীল সেনের আত্মীয়দের বাড়ি এবং পঞ্চসায়রে এই ঘটনার সাথে জড়িত ইভেন্ট ম্যানেজার অরিজিৎ দাশগুপ্তের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। এর আগে ইন্দ্রনীল সেন নিজে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও, আজ ইডির এই ঝোড়ো রেইড তাঁর ওপর আইনি চাপ অনেকটাই বাড়িয়ে দিল।
