Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এবার স্ক্যানারে শান্তনু সিনহা বিশ্বাসের পরিবারের সম্পত্তি, একাধিক রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠাল ইডি!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নজর এবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের পরিবারের সম্পত্তির ওপর। সূত্রের খবর, তাঁর পরিবারের সদস্যদের নামে কোনও বেনামি সম্পত্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল করেছে ইডি।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাসের পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য জানতে চেয়ে রাজ্যের একাধিক রেজিস্ট্রি অফিসে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। ইডি খতিয়ে দেখছে, তাঁর পরিবারের সদস্যদের নামে কেনা সম্পত্তির উৎসের সঙ্গে তাঁদের ঘোষিত আয়ের সামঞ্জস্য রয়েছে কি না।

এর পাশাপাশি, ওই পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যদের আয়ের প্রকৃত তথ্য যাচাই করতে আয়কর দফতরেরও দ্বারস্থ হয়েছে ইডি। চাওয়া হয়েছে তাঁদের গত কয়েক বছরের আয়কর রিটার্ন সংক্রান্ত নথি। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় সংস্থাটি পরিবারের প্রতিটি সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিগত কয়েক বছরের নগদ লেনদেনের তথ্যের ওপর কড়া নজর রাখছে বলে খবর।

উল্লেখ্য, বালি পাচার এবং আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই ইডি-র এই তৎপরতা। এর আগে গত এপ্রিল মাসে বালিগঞ্জে ওই পুলিশ আধিকারিকের ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলারও জারি করা হয়। বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি বা তাঁর পরিবারের সদস্যরা হাজিরা না দেওয়ায় এখন তথ্য সংগ্রহের মাধ্যমেই তদন্তের জাল গুটিয়ে আনতে চাইছে কেন্দ্রীয় সংস্থা।

Exit mobile version