প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে অবশেষে গ্রেপ্তার করা হলো ফলতার বিতর্কিত নেতা জাহাঙ্গির খানকে। রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF) এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের যৌথ দল অত্যন্ত গোপনীয়তার সাথে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করেছে। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই এই বিতর্কিত নেতা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়ে আসছিল বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তকারী সূত্রে জানা গেছে, পুলিশি ট্র্যাকিং এড়াতে নিজের চেনা মোবাইল ফোন সম্পূর্ণ বন্ধ রাখার পাশাপাশি হোয়াটসঅ্যাপ থেকেও লগআউট করে দিয়েছিল জাহাঙ্গির। নিজেকে আড়াল করতে নানা ছদ্মবেশও নিচ্ছিল সে। শেষমেশ নেপাল সীমান্ত গলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। কিন্তু STF-এর পাতা জালে পা দিতেই তার সেই দৌড় শেষ হয়।
ফলতা এলাকায় অতীতে ঘটে যাওয়া একাধিক হিংসাত্মক ঘটনা ও বিরোধী কর্মীদের ওপর হামলার মামলায় নাম জড়িয়েছিল জাহাঙ্গির খানের। এতদিন আদালতের আইনি রক্ষাকবচের আড়ালে সে ঘুরলেও, সম্প্রতি কলকাতা হাইকোর্ট সেই রক্ষাকবচের মেয়াদ বাড়াতে অস্বীকার করে। আইনি ঢাল সরে যাওয়ার পর থেকেই এলাকা থেকে চম্পট দেয় এই বিতর্কিত নেতা।
জাহাঙ্গির খানের গ্রেপ্তারি নিয়ে শাসকদল বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে এবার প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। অতীতে যারা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর অন্যায় করেছিল, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে। ফলতার সাধারণ মানুষ আজ এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আপাতত ট্রানজিট রিমান্ডে এনে তাকে ডায়মন্ড হারবার আদালতে তোলার তোড়জোড় শুরু করেছে পুলিশ।
