প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনের কাছে রেললাইনে হঠাৎ ধস নামার কারণে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। পদাতিক ও দার্জিলিং মেলসহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। এই জরুরি পরিস্থিতিতে বিকল্প যাতায়াত সচল রাখতে যুদ্ধকালীন তৎপরতায় একগুচ্ছ অতিরিক্ত সরকারি বাস নামানোর বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যাত্রীদের ভিড় সামলাতে পরিবহন দফতরের পক্ষ থেকে বিভিন্ন রুটে স্পেশাল বাস পরিষেবা চালু করা হয়েছে।
নবান্ন ও পরিবহন দফতরের পক্ষ থেকে বাসের যে অফিশিয়াল তালিকা ঘোষণা করা হয়েছে, তা নিচে দেওয়া হলো। ট্রেন বন্ধ থাকায় সবচেয়ে বেশি যাত্রী চাপ তৈরি হয়েছে কলকাতা-শিলিগুড়ি রুটে। পরিস্থিতি সামাল দিতে কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে নতুন করে অতিরিক্ত ২৩টি বাস নামানো হয়েছে।মালদা পর্যন্ত নির্ধারিত একটি সরকারি বাসকে রুট বাড়িয়ে সরাসরি শিলিগুড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আজ শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে নির্ধারিত ১৮টি নিয়মিত বাস ছাড়াও আরও ১২টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে। এই রুটে যাত্রীদের সুবিধার্থে ২টি অতিরিক্ত বাস বরাদ্দ করা হয়েছে। দক্ষিণবঙ্গ থেকে বালুরঘাটগামী যাত্রীদের জন্য চালানো হবে আরও ২টি অতিরিক্ত বাস। মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে বিশেষ পরিষেবা হিসেবে অতিরিক্ত ৫টি সরকারি বাস চালানো হচ্ছে।
ট্রেন বাতিলের এই আপৎকালীন সুযোগ নিয়ে কোনো বেসরকারি বা অন্য দূরপাল্লার বাস যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বা দ্বিগুণ ভাড়া আদায় করতে না পারে, তার জন্য কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। নবান্নের তরফ থেকে রাজ্যের সংশ্লিষ্ট সবকটি জেলার জেলাশাসকদের (DM) স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন নিজের নিজের এলাকায় কড়া নজরদারি চালান। যাত্রীদের কাছ থেকে যাতে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা না নেওয়া হয়, তা জেলা প্রশাসনকে কঠোরভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।
