Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘ফিলিং’ দিয়ে গণতন্ত্রে প্রধানমন্ত্রী হওয়া যায় না! ভোটচুরির অভিযোগে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দেশের নির্বাচন ব্যবস্থা এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে কংগ্রেসের তোলা ‘ভোটচুরি’র অভিযোগের জবাবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। আজ ৩ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) সুকান্ত মজুমদারের এই চাঁছাছোলা রাজনৈতিক কটাক্ষের ভিডিও ও বক্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। তিনি সাফ জানান, কেবল ব্যক্তিগত অনুভূতির ওপর ভর করে গণতন্ত্র চলে না এবং দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় না।

নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়াকে সামনে রেখে বিরোধী ইন্ডি (INDIA) জোট যে প্রচার ও আন্দোলনের ডাক দিয়েছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন সুকান্ত মজুমদার। রাহুল গান্ধীকে নিশানা করে তিনি বলেন, “ওরা অভিযোগ করছে যে দেশে ভোটচুরি হয়েছে। কিন্তু যখনই কোনো সংবাদমাধ্যম বা কেউ তাঁদের কাছে জানতে চাইছে যে ভোটচুরির প্রমাণ কোথায়, তখনই রাহুল গান্ধী বলছেন যে—’আমার ফিলিং (অনুভূতি) হচ্ছে যে ভোটচুরি হচ্ছে’! এটা ওদের কেমন রাজনৈতিক মানসিকতা?”

কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এই ধরণের বক্তব্যকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, “কারো ব্যক্তিগত অনুভূতির ওপর ভিত্তি করে তো আর বাস্তব পরিস্থিতি বদলে যায় না।” নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “এখন যদি আমার ফিলিং হয় যে আমার খুব ঠান্ডা লাগছে, তাহলে কি চারপাশের পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে? পরিবেশ তো গরমই থাকবে।” এই উদাহরণ টেনেই তিনি যোগ করেন, “রাহুল গান্ধীকে বুঝতে হবে যে ফিলিং দিয়ে কোনো গণতান্ত্রিক দেশ চালানো যায় না, আর ফিলিং দিয়ে গণতন্ত্রে প্রধানমন্ত্রীও হওয়া যায় না।”

প্রধানমন্ত্রী পদের জন্য প্রয়োজনীয় কঠোর পরিশ্রমের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদীর উদাহরণ দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ভারতের মত একটি মহান দেশের প্রধানমন্ত্রী হতে গেলে নিজেকে পাথরের মতো ঘষতে হয়, কঠোর পরিশ্রম ও দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে আসতে হয়। শুধু ধারণার বশবর্তী হয়ে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসার স্বপ্ন দেখা যায় না বলে তিনি বিরোধী শিবিরের সমালোচনা করেন। সব মিলিয়ে, উৎসবের মরশুমেও নির্বাচন প্রক্রিয়া এবং ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের এই জাতীয় স্তরের রাজনৈতিক তরজা সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পর আজ আরও এক ধাপ তীব্র হলো।

Exit mobile version