প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোট শেষ হতেই উত্তপ্ত শিল্পনগরী হলদিয়া। দ্বিতীয় দফার ভোট মিটতে না মিটতেই হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে সকালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার তীর প্রধানত গেরুয়া শিবিরের দিকে থাকলেও, অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে বিজেপি।
সূত্র মারফত জানা গিয়েছে, যখন এলাকা নিস্তব্ধ ছিল, তখনই একদল দুষ্কৃতী ১৩ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কার্যালয়ে চড়াও হয়। অফিসের আসবাবপত্র, দলীয় পতাকা এবং ফেস্টুন ছিঁড়ে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। আজ, ৩০ এপ্রিল সকালে দলীয় কর্মীরা অফিস খুলতে এসে দেখেন সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনের দিন থেকেই বিজেপি কর্মীরা এলাকায় ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছিল, আর ভোট মিটতেই তারা এই হীন কাজ সম্পন্ন করেছে।
তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, “বিজেপি বুঝে গিয়েছে তারা মানুষের রায় পাচ্ছে না, তাই হারের আতঙ্কে এখন হিংসার আশ্রয় নিচ্ছে। রাতের অন্ধকারে কাপুরুষের মত আমাদের পার্টি অফিস ভাঙা হয়েছে।”
পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এটি আদতে তৃণমূলের দীর্ঘদিনের পুরনো গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। নিজেদের কোন্দল ঢাকতে এখন বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে।”
