প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-৪ মে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ। কিন্তু তার আগেই উত্তপ্ত আইনি ময়দান। ভোট গণনার ঠিক আগের মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের জোড়া সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হলো দুটি হেভিওয়েট মামলা। যার একটি করেছেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অন্যটি আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। আজ দুপুরেই এই মামলার শুনানি হতে চলেছে উচ্চ আদালতে।
এবার গণনা কেন্দ্রে সুপার ভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে। কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা নিয়েই চ্যালেঞ্জ ছুড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের প্রতি চরম অনাস্থার বহিঃপ্রকাশ। এই সিদ্ধান্তকে ‘খামখেয়ালি’ এবং ‘বৈষম্যমূলক’ বলে দাবি করে আদালতে সরব হয়েছেন তিনি।আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন গণনা কেন্দ্রের স্থান বদল নিয়ে। তাঁর দাবি, একদম শেষ মুহূর্তে পর্যাপ্ত কারণ না দেখিয়েই নির্দিষ্ট গণনাকেন্দ্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে মামলায়।
গত কয়েক দিনে কমিশনের একাধিক প্রশাসনিক রদবদল নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। পুলিশ ও প্রশাসনের একাধিক স্তরে গণ-বদলি নিয়ে এর আগেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শাসক দল, যদিও আদালত সে সময় কমিশনের প্রশাসনিক এক্তিয়ারে হস্তক্ষেপ করেনি। তবে এবারের অভিযোগ সরাসরি ‘গণনা প্রক্রিয়া’র নিরপেক্ষতা নিয়ে।
আজ দুপুরে হাইকোর্টের রায়ের ওপর অনেক কিছু নির্ভর করছে। আদালত কি কমিশনের সিদ্ধান্তে সিলমোহর দেবে, নাকি গণনার পদ্ধতিতে কোনও বদল আসবে? সেই দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
