Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘দিল্লির সাথে সংঘাত নয়, বাংলায় হুবহু কার্যকর হবে জাতীয় শিক্ষানীতি’, বিকাশ ভবনে বড় ঘোষণা নতুন উচ্চশিক্ষামন্ত্রীর!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-স্রেফ রাজনৈতিক বিরোধিতার খাতিরে কেন্দ্রের তৈরি শিক্ষানীতিকে আটকে রেখে বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার যে আত্মঘাতী খেলা বিগত দিনে চলেছে, তার অবসান ঘটতে চলেছে। দেশের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলা আর পিছিয়ে থাকবে না। আজ, বুধবার দুপুরে বিকাশ ভবনে দায়িত্বভার গ্রহণ করেই রাজ্যের শিক্ষাব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের রূপরেখা স্পষ্ট করে দিলেন নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, কেন্দ্রের সাথে কোনো সংঘাতের রাজনীতি নয়, বরং এ বার থেকে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি (NEP) পশ্চিমবঙ্গে হুবহু অনুসরণ ও বাস্তবায়ন করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণা আসলে বিগত জমানার সেই একরোখা এবং জেদি রাজনীতির অবসান ঘটাল, যেখানে দিল্লির বিরোধিতা করতে গিয়ে রাজ্যের শিক্ষাক্ষেত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছিল।

আজ দায়িত্ব নেওয়ার পরেই আধিকারিকদের সাথে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী। তিনি স্পষ্ট করে দেন, বিগত দিনে কেন্দ্রের সাহায্য ছাড়া রাজ্যকে একা এগিয়ে নিয়ে যাওয়ার যে অহংকার দেখানো হয়েছিল, তা ছিল এক চরম ‘দুঃসাহস’। এই জেদের খেসারত দিতে হয়েছে বাংলার লক্ষ লক্ষ মেধাবী পড়ুয়াকে। এবার সেই অন্ধ রাজনীতির যাতাকল থেকে মুক্ত হয়ে জাতীয় স্তরের সমান সুযোগ পাবে বাংলার ছাত্রছাত্রীরা।শিক্ষামন্ত্রীর এই বক্তব্য আসলে প্রমাণ করে যে, নতুন সরকার রাজ্যের শিক্ষাদপ্তরকে কোনো রাজনৈতিক আখড়া হিসেবে নয়, বরং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কেন্দ্র হিসেবে পরিচালনা করতে বদ্ধপরিকর।

মন্ত্রী আজ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, কোনো একনায়কতন্ত্র বা জেদের রাজনীতি নয়, এবার থেকে শিক্ষাদপ্তর চলবে একটি দায়বদ্ধ ‘টিম’ হিসেবে, যেখানে দেশের শিক্ষাব্যবস্থার মূল স্রোতের সাথে তাল মিলিয়ে বাংলাকে আবার শিক্ষার শীর্ষে ফিরিয়ে নিয়ে যাওয়াই হবে একমাত্র লক্ষ্য। মন্ত্রীর এই কড়া ও সুনির্দিষ্ট বার্তা বুঝিয়ে দিল, বাংলায় শিক্ষাক্ষেত্রে জেদের অন্ধকার কেটে গিয়ে এক নতুন ও আধুনিক ভোরের সূচনা হতে চলেছে।

Exit mobile version