Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হিসাব হবে পাই-পাই! ভোট-পরবর্তী হিংসার রক্তমাখা ফাইল খোলার চরম নির্দেশ মুখ্যমন্ত্রীর; ঘুম উড়ল দোষীদের?

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে পরিবর্তনের সূর্যোদয় হতেই বদলা নয়, বদলের পথে হেঁটে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কাজ শুরু করলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মসনদে বসার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর প্রথম বড় অ্যাকশন— ‘ভোট-পরবর্তী হিংসার ফাইল’। বিগত নির্বাচনগুলোতে যে রক্তক্ষয়ী হিংসা ও কান্নার সাক্ষী থেকেছে বাংলা, তার সুবিচারের লক্ষ্যেই এবার বন্ধ ফাইলগুলো পুনরায় খোলার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই নির্দেশ জারি করা হয়েছে।

সূত্রের খবর, গত কয়েক বছরে ভোট পরবর্তী অশান্তিতে যারা ঘরছাড়া হয়েছিলেন কিংবা যাদের জীবনহানি ঘটেছিল, সেই সমস্ত ঘটনার প্রতিটি রিপোর্ট এবং স্থগিত হয়ে থাকা অভিযোগগুলো নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, আইনের শাসন প্রতিষ্ঠায় কোনও আপস করা হবে না। যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং ভোটের পর প্রতিহিংসার রাজনীতি চালিয়েছিল, তাদের পরিচয় যাই হোক না কেন, কাউকেই রেয়াত করা হবে না। পুলিশের শীর্ষ কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত চার্জশিট দাখিল করতে।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত আসলে সেই সব অসহায় পরিবার গুলোর কাছে এক আশার আলো, যারা এতদিন বিচারের অপেক্ষায় দিন গুনছিলেন। তবে মুখ্যমন্ত্রীর এই ‘অ্যাকশন’ সংবাদে রাজ্যের প্রশাসনিক অলিন্দ থেকে শুরু করে রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে প্রবল কম্পন। অনেকেরই ধারণা, এই ফাইল খোলার ফলে অনেক রাঘব-বোয়ালই এবার আইনের জালে জড়াতে পারেন।

রাজ্যের সাধারণ মানুষ এখন এই ‘অপারেশন জাস্টিস’-এর ফলাফলের দিকে তাকিয়ে। হিংসামুক্ত বাংলা গড়ার যে শপথ শুভেন্দু অধিকারী নিয়েছিলেন, এই পদক্ষেপ তাকেই আরও একধাপ এগিয়ে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Exit mobile version