Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ন্যাজাটে হাড়হিম করা কাণ্ড! প্রাক্তন বিধায়কের গাড়ির ধাক্কায় পিষে গেলেন ২ জন, তোলপাড় এলাকা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উৎসবের মরসুমের মাঝেই উত্তর ২৪ পরগনার ন্যাজাটে ঘটে গেল এক মর্মান্তিক ও হাড়হিম করা পথ দুর্ঘটনা। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর বিলাসবহুল গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হলো ২ জনের। আজ, ১৪ অক্টোবর ২০২৬ (বুধবার) গাড়িটি মালঞ্চর অভিমুখে যাওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আরও ২ জন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক প্রাক্তন বিধায়কের গাড়িচালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িটি দ্রুত গতিতে মালঞ্চর দিকে যাচ্ছিল। ন্যাজাটের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে থাকা একটি যাত্রীবোঝাই টোটোকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে টোটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাক্তন বিধায়কের গাড়িটি রাস্তা থেকে ছিটকে সটান পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। এই মারাত্মক সংঘর্ষের জেরে টোটোয় থাকা ২ জন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। টোটো এবং গাড়িটির ভেতর থেকে আরও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে।

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে যে, দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতো স্বয়ং উপস্থিত ছিলেন না। গাড়িটি শুধুমাত্র তাঁর চালকই চালাচ্ছিলেন। দুর্ঘটনার ঠিক পরপরই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কায় গাড়ি ফেলে রেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় চালক। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ন্যাজাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক চালকের সন্ধানে ইতিপূর্বেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

Exit mobile version