Site icon প্রিয় বন্ধু মিডিয়া

উস্কানিমূলক মন্তব্যের জের, জামিন অযোগ্য ধারায় FIR-এর পর আজ শক্তিপুর থানায় তলব বিধায়ক হুমায়ুন কবীরকে!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একের পর এক উস্কানিমূলক বক্তব্য ও পুলিশকে প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে এবার আইনি বিপাকে জড়ালেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। উস্কানিমূলক মন্তব্যকাণ্ডের তদন্তে আজ, শুক্রবার সকাল ১১টা নাগাদ তাঁকে শক্তিপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই একই মামলার প্রেক্ষিতে আগামীকাল, শনিবার তাঁকে রেজিনগর থানাতেও তলব করেছে পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারা সহ একাধিক গুরুতর অভিযোগে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ জুন রেজিনগরের একটি জনসভা থেকে অত্যন্ত উস্কানিমূলক ও বিতর্কিত বয়ান দেন হুমায়ুন কবীর। সেই মন্তব্যের পরিপ্রক্ষিতেই তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পথে হাঁটে জেলা প্রশাসন। তবে এই প্রথম নয়, এর আগে গত ৮ মে শক্তিপুরের একটি দলীয় কর্মিসভা থেকেও প্রকাশ্য মঞ্চে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুমকি ও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এই দুটি পৃথক ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন এবং গত মঙ্গলবার শক্তিপুর ও রেজিনগর থানার পুলিশ নোটিশ দিতে সরাসরি বিধায়কের বাড়িতেও পৌঁছায়।

বিতর্কিত মন্তব্যের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার আশঙ্কায় বিধায়কের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। তদন্তের গতি বাড়াতে এবং তাঁর বিতর্কিত বয়ানের নেপথ্যে আসল কারণ জানতে তাঁকে পরপর দু’দিন দুটি ভিন্ন থানায় তলব করা হলো। আজ শক্তিপুর থানায় তাঁর বয়ান রেকর্ড করার পর, আগামীকাল রেজিনগর থানার তদন্তকারীরাও তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন।

প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বারবার পুলিশ ও প্রশাসনকে নিশানা করায় এবং বিতর্কিত মন্তব্য করায় শাসক ও বিরোধী— উভয় শিবিরের তরফেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই তলবের পর মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এখন দেখার, আজ নির্দিষ্ট সময়ে বিধায়ক থানায় হাজিরা দেন নাকি আইনি রক্ষাকবচ চেয়ে অন্য কোনো পদক্ষেপ নেন।

Exit mobile version