প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মশার কামড়ে প্রাণহানি আর প্লেটলেট নামার আতঙ্কে এবার স্থায়ী লাগাম পড়তে চলেছে। দেশজুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে ভারতে প্রথমবার কোনো ডেঙ্গি প্রতিষেধককে ছাড়পত্র দিল কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। জাপানের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক সংস্থা তাকেডা বায়ো ফার্মাসিউটিক্যালস-এর তৈরি এই বিশেষ ভ্যাকসিনের বাণিজ্যিক নাম ‘কিউ ডেঙ্গা’ (QDENGA)।
এই ভ্যাকসিনের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি নেওয়ার আগে শরীরে অতীতে কখনো ডেঙ্গি হয়েছিল কি না, তা রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যেকোনো সুস্থ ব্যক্তি সরাসরি চিকিৎসকের পরামর্শে এই শট নিতে পারবেন। চিকিৎসকদের গাইডলাইন অনুযায়ী, ৪ বছর থেকে শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত যেকোনো ব্যক্তি ‘কিউ ডেঙ্গা’ গ্রহণ করতে পারবেন।
ডেঙ্গি ভাইরাসের মূলত চারটি মারাত্মক রূপ বা সেরোটাইপ (DENV-1, DENV-2, DENV-3 এবং DENV-4) থাকে। তাকেডা-র দাবি, এই চার ধরনের ডেঙ্গি স্ট্রেনের বিরুদ্ধেই শরীরকে ১০০% বুলেটপ্রুফ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম এই প্রতিষেধক। বিশ্বের ৪৩টি দেশে ইতিমধ্যেই সফলভাবে ব্যবহৃত হওয়া এই ভ্যাকসিনের চূড়ান্ত বা ফেজ-থ্রি (Phase III) ক্লিনিকাল ট্রায়াল ভারতের মাটিতেও সম্পন্ন হয়েছে। বিশ্বজুড়ে প্রায় ২৮,০০০-এর বেশি মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এই ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
