Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিরাট ধাক্কা আদালতে! খারিজ জামিনের আর্জি, ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ধৃত ইন্দ্রনীল সেন!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রির কোটি কোটি টাকার মেগা জালিয়াতি মামলায় বড় ধাক্কা খেলেন প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। আজ, বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে দীর্ঘ সওয়াল-জবাব শেষে ধৃত প্রাক্তন মন্ত্রীর জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক। সরকারি আইনজীবীদের জোরালো সওয়ালের ভিত্তিতে আদালত ইন্দ্রনীল সেনকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বউবাজার থানার দায়ের হওয়া জালিয়াতি মামলার প্রেক্ষিতে লালবাজারের গোয়েন্দা বিভাগ (DD) তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার যে আবেদন জানিয়েছিল, আদালত তা মঞ্জুর করেছে।

আদালতে আজ শুনানির শুরুতেই সরকারি আইনজীবী ইন্দ্রনীল সেনের জামিনের তীব্র বিরোধিতা করেন। সরকারের পক্ষ থেকে আদালতে বিস্ফোরক দাবি করে বলা হয়, এই বহু কোটি টাকার আন্তর্জাতিক জালিয়াতির চক্রে প্রাক্তন মন্ত্রী নিজেই সরাসরি যুক্ত এবং তিনিই ছিলেন এই দুর্নীতির অন্যতম মূল মাথা। সরকারি আইনজীবী যুক্তি দেন, মন্ত্রী পদের অপব্যবহার করে ইউনেস্কোর ভুয়া লোগো ও পার্টনারশিপ দেখিয়ে সাধারণ মানুষ ও কর্পোরেট সংস্থাগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই জালিয়াতির টাকা ঠিক কোথায় কোথায় গিয়েছে এবং এর পেছনে আর কোন কোন প্রভাবশালীর হাত রয়েছে, তা জানার জন্য ইন্দ্রনীল সেনকে হেফাজতে নিয়ে মুখোমুখি জেরা করা অত্যন্ত জরুরি।

অন্যদিকে, আদালতে নিজের আইনজীবীর মাধ্যমে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর আইনজীবী সওয়ালে বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ। ইন্দ্রনীল সেন নিজে একজন প্রথিতযশা শিল্পী এবং প্রাক্তন মন্ত্রী, এই দুর্নীতির সাথে তাঁর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তদন্তে তিনি সহযোগিতা করতে প্রস্তুত, তাই তাঁকে জামিন দেওয়া হোক। তবে দু-পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত এই অপরাধের গভীরতা বিবেচনা করে জামিনের আবেদন নাকচ করে দেয় এবং ১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Exit mobile version