প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমত উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা বের করা হয়েছে। তবে বিজেপি নেতৃত্বরা আশঙ্কা করছেন, তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির সব কর্মসূচিতেই বাধাদান করে, এক্ষেত্রেও তারা পরিবর্তন যাত্রায় হামলা করতে পারে। ইতিমধ্যেই খবর পাওয়া গিয়েছে যে, কোচবিহারে সেই পরিবর্তন যাত্রার বাস ভাঙচুর করা হয়েছে। আর এই পরিস্থিতিতে গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, যদি পরিবর্তন যাত্রায় হামলার ঘটনা ঘটে, তাহলে তৃণমূলকেও ছেড়ে কথা বলবে না বিজেপি। এক্ষেত্রে বিজেপির পক্ষ থেকেও যে পাল্টা জবাব দেওয়া হবে, তা বুঝিয়ে দিয়েছেন তিনি।
ভোট ঘোষণা না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা দেখেই বোঝা যাচ্ছে যে, ভোট আসছে। বিজেপি জনসংযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিবর্তন যাত্রাকে বেছে নিয়েছে। আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনিতেই এসআইআরের চাপে অত্যন্ত আশঙ্কার মধ্যে রয়েছে যে, তারা এবার ক্ষমতায় হয়তো আসতে পারবে না। আর তার মধ্যে বিজেপির এই জনমোহিনী কর্মসূচির ফলে আরও চাপে পড়ে যাচ্ছে এই রাজ্যের শাসক দল। যার ফলে বিভিন্ন জায়গায় ভয় দেখানো এবং সন্ত্রাস করার মতো পদ্ধতি অবলম্বন করতে পারে তৃণমূল কংগ্রেস। যেটা খুব ভালো মতই বুঝতে পারছেন পদ্ম শিবিরের নেতারা। আর সেই কারণেই আগেভাগেই তৃণমূলের হামলাকে প্রতিহত করতে বিজেপিও যে প্রস্তুত, তা স্মরণ করিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “আমরা জানি, এবার মুখোমুখি সংঘর্ষ হবে। তাই এই সংঘর্ষের জন্য আমরা রেডি আছি। তবে পরিষ্কার বলে দিচ্ছি, যদি তৃণমূল কংগ্রেস ভাবে যে, আমাদের যাত্রাকে ঝামেলা করে সেই যাত্রা আটকে দেবে, তাহলে ইটের জবাব কিন্তু পাটকেল দিয়ে দেব। পরিষ্কার বলে দিচ্ছি।”
