প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দক্ষিণ ২৪ পরগনার ফলতার স্বঘোষিত ‘পুষ্পা’ ওরফে বহিষ্কৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খান এবং তাঁর স্ত্রী রেজিনা বিবির সম্পত্তির খতিয়ান দেখে চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারীদের। পুলিশি তল্লাশিতে এই দম্পতির নামে থাকা অন্তত ৬০টি স্থাবর সম্পত্তির আসল দলিল উদ্ধার করেছে বিশেষ তদন্তকারী দল (SIT)। এই বিপুল সম্পত্তির উৎস কী, তা জানতে তদন্ত আরও জোরদার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এরই মধ্যে এক বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া নতুন মামলায় আদালত জাহাঙ্গির ও তাঁর স্ত্রীকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
ফলতা ও সংলগ্ন এলাকায় জাহাঙ্গির ও তাঁর স্ত্রীর নামে থাকা অন্তত ৬০টি জমি, বিলাসবহুল বাড়ি ও ফ্ল্যাটের হদিস মিলেছে। সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে স্থানীয় বিজেপি নেতার নালিশে ফলতা থানায় নতুন মামলা রুজু হয়েছে। নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দম্পতিকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠাল আদালত।
ফলতা জুড়ে একসময় কার্যত একচ্ছত্র আধিপত্য ছিল এই জাহাঙ্গির খানের। নিজেকে সিনেমার চরিত্রের আদলে ‘পুষ্পা’ বলে পরিচয় দিতে ভালোবাসতেন তিনি। কিন্তু দল থেকে বহিষ্কৃত হওয়ার পর তাঁর একের পর এক কীর্তি সামনে আসতে শুরু করে। সিট (SIT) সূত্রে খবর, ধৃত দম্পতির বাড়ি ও বিভিন্ন ডেরায় তল্লাশি চালিয়ে যে ৬০টির বেশি সম্পত্তির নথি মিলেছে, সেগুলির বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। এত বিপুল পরিমাণ সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এলো, তার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি জাহাঙ্গির।
স্থানীয় সূত্রের খবর, উদ্ধার হওয়া দলিলের একটা বড় অংশই সাধারণ গরিব মানুষের থেকে ভয় দেখিয়ে বা নামমাত্র মূল্যে লিখিয়ে নেওয়া হয়েছিল। সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে কোনো কালো টাকা বা তোলাবাজির অর্থ ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে এই দলিলের পূর্বতন মালিকদের ডেকে বয়ান রেকর্ড করা হতে পারে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই বিপুল আর্থিক কেলেঙ্কারির নেপথ্যে বড় কোনো চক্র রয়েছে। তাই অবিলম্বে এই ঘটনার ইডি (ED) তদন্ত প্রয়োজন। এদিকে রাজ্য পুলিশ সূত্রে খবর, সমস্ত দলিলের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হচ্ছে। তদন্তে অপরাধের প্রমাণ মিললে নতুন গুণ্ডাদমন আইনের আওতায় এই সমস্ত সম্পত্তি সরকারিভাবে বাজেয়াপ্ত ও নিলাম করার প্রক্রিয়া শুরু হতে পারে। আপাতত আগামী ১০ দিন পুলিশি জেরায় জাহাঙ্গির ও তাঁর স্ত্রী সারিকা বিবি আরও কী কী বিস্ফোরক তথ্য ফাঁস করেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
