Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘ঝুঁকেগা নেহি’ থেকে এক্কেবারে ‘হাফপ্যান্ট’! ফলতার ‘পুষ্পা’ খ্যাত সেই নেতার রাজকীয় দম্ভ এখন শুধুই বারমুডায় বন্দি?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আইনের হাত যে কত লম্বা এবং রাজনৈতিক ক্ষমতার দম্ভ যে কত দ্রুত মাটিতে মিশে যেতে পারে, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি দৃশ্য আজ তা নতুন করে প্রমাণ করল। ফলতার যে দাপুটে নেতা কিছুদিন আগেও বুক ফুলিয়ে বুলেটে চেপে ঘুরতেন, যাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, আজ তাঁকে স্রেফ একটি সাধারণ বারমুডা আর টি-শার্ট পরিহিত অবস্থায় ডায়মন্ড হারবার আদালতের চত্বরে নিয়ে যাওয়া হলো। এককালের দাপুটে নেতা জাহাঙ্গির খানের এই নজিরবিহীন অবতার দেখে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যাঁরা ভাবতেন ক্ষমতার দাহিকায় চিরকাল পার পেয়ে যাওয়া যায়, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও যেন তাঁদের জন্য এক বিরাট ধাক্কা!

আদালতে পেশ করার সময় সাধারণত অভিযুক্তদেরও ভদ্রস্থ পোশাক পরার সুযোগ দেওয়া হয়। কিন্তু ফলতার এই নেতার ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ আলাদা ধরা পড়ল। পুলিশের ঘেরাটোপে তাঁর এই বিশেষ ‘বারমুডা অবতার’ দেখে সাধারণ মানুষ বলছেন— “আইন সবার জন্যই সমান”। ভোটের আগে যিনি প্রকাশ্য মঞ্চ থেকে হুঙ্কার ছেড়েছিলেন, আজ পানিট্যাঙ্কির এক হোটেল থেকে গ্রেফতার হওয়ার পর আদালতে যাওয়ার পথে তাঁর এই রূপ দেখে অনেকেই কটাক্ষ করে বলছেন, “পুষ্পা তো এবার সত্যিই ঝুঁকে গেল!”

রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল এখন বিরোধী আসনে বসতেই এই ধরণের অভিযুক্তদের ডানা ছাঁটা শুরু হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জমি কেনাবেচা থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরবাড়ি তৈরি— সর্বত্র যে একাধিপত্য ও সিন্ডিকেটের অভিযোগ উঠত এই নেতার বিরুদ্ধে, আজ আদালতের চৌকাঠে এসে যেন তার অবসান ঘটল। এতদিন যাঁরা ভয়ে মুখ খুলতে পারতেন না, তাঁরা আজ বলছেন, “ক্ষমতা যে চিরস্থায়ী নয়, এই দৃশ্যই তার সবচেয়ে বড় প্রমাণ”।

ফলতার এই নেতার ‘বারমুডা প্যারেড’ দেখে বিরোধী আসনে বসা তৃণমূলের বাকি স্থানীয় নেতৃত্ব এখন বেশ অস্বস্তিতে। ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার পর যেভাবে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে, তাতে আগামী দিনে আইনের মুখোমুখি দাঁড়িয়ে আর কার কার কপালে এমন ‘হাফপ্যান্ট’ ভাগ্য লেখা আছে, সেটাই এখন দেখার! জেলের চার দেওয়ালের মধ্যে নিজের অতীত কীর্তি এবং আইনি লড়াই নিয়ে ভাবার জন্য এখন এই নেতার কাছে প্রচুর সময় রয়েছে।

Exit mobile version