প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সকলেই ভেবেছিলেন যে, বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের ফলাফলের ওপর ভারতের সঙ্গে তাদের সম্পর্কের বনিবনা অনেকটাই নির্ভর করবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বাংলাদেশের এই নির্বাচনের দিকে তাকিয়ে ছিলেন। কারণ সেখানে আওয়ামী লীগ তো এবার ভোটের লড়ছে না। সবথেকে ভারতের পক্ষে ভালো হতো, যদি আওয়ামী লীগ এখানে লড়াই করতো এবং জয় লাভ করতো। এতদিন এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার কারণে ভারতের সঙ্গে তাদের অত্যন্ত সুসম্পর্ক ছিলো। কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর দীর্ঘদিন সেই বাংলাদেশের নির্বাচন হয়নি। অবশেষে গতকাল অনুষ্ঠিত হওয়া সেই নির্বাচনের পর যে খবর পাওয়া যাচ্ছে, তাতে কিছুটা হলেও খুশি ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক মহল।
শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বাংলাদেশ জুড়ে প্রচন্ড অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছিল। বেছে বেছে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা করা থেকে শুরু করে সংখ্যালঘু হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার শুরু হয় গোটা বাংলাদেশ জুড়ে। যার ফলে উস্মা প্রকাশ করেছে ভারত। তবে সকলেই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ছিলেন। আর শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ফলাফল যেদিকে যাচ্ছে, তাতে বাংলাদেশের ক্ষমতা দখল করতে চলেছে বিএনপি জোট। অর্থাৎ জামাতের হাতে বাংলাদেশের ক্ষমতা গেলে যে সর্বনাশা পরিস্থিতি তৈরি হতো, তার থেকে অন্তত মুক্তি পাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র।
প্রসঙ্গত, গতকাল বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে মূল লড়াই বিএনপি এবং জামাত জোটের মধ্যেই হয়েছে। তবে ভারতেরও আশঙ্কা ছিলো যে, শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ ভুল করে আবার জামাতের দিকে সমর্থন দিয়ে দেবে না তো? আর জামাতের হাতে বাংলাদেশ চলে গেলে ভারতের সঙ্গে সেই দেশের সম্পর্কের যে যথেষ্ট অবনতি হবে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষ পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বিএনপি জোট ২৯৯ টি আসনের মধ্যে ২১০ টি আসনে এগিয়ে রয়েছে। স্বাভাবিক ভাবেই তারাই যে বাংলাদেশের ক্ষমতায় বসতে চলেছে, সেই সম্পর্কে কোনো সংশয় নেই বিশেষজ্ঞদের মধ্যে। তবে এটাও বলা যায় যে, বাংলাদেশের ক্ষমতায় যদি আওয়ামী লীগ থাকতো, তাহলে হয়ত সবথেকে ভালো হতো। কিন্তু মন্দের ভালো হলেও বিএনপি সেই বাংলাদেশের মসনদে বসতে চলেছে। তাই তাদের সঙ্গে ভারতের সম্পর্কের অনেকটাই উন্নতি হবে এবং আগামী দিনে দুই দেশের চলার ক্ষেত্রে পথ অনেকটাই সুগম হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
