প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গত ২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল এবং যেভাবে শেখ হাসিনা এবং তার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তা যে অগণতান্ত্রিক, তা সকলেই জানেন। পরবর্তীতে শেখ হাসিনা ভারতবর্ষে আশ্রয় নেন বলে খবর পাওয়া যায়। আর আজ তার বিরুদ্ধে হওয়া সেই সময় মানবতা বিরোধী মামলায় সাজা ঘোষণা করে বাংলাদেশ আদালত। যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা শোনায় আদালত। স্বাভাবিক ভাবেই এমন একটা নির্দেশ কি করে আসতে পারে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। যেখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা আদালত দিতেই গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গত বছরের জুলাই এবং আগস্ট মাসের বাংলাদেশে এক ভয়ংকর আন্দোলন শুরু হয়েছিল। আর সেই সময় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ঘুরপথে ক্ষমতা দখল করেন মহম্মদ ইউনুস বলে অভিযোগ ওঠে। আর তারপর বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, তা নিয়ে এপার বাংলা থেকে সেই ইউনুসের বিরুদ্ধে মাঝেমধ্যেই গর্জে উঠেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে আজ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা আদালত শোনাতেই যারা এই রায় দিয়েছেন, তাদের জন্য যে করুন পরিণতি অপেক্ষা করছে, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বাংলাদেশ আদালত যেভাবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে, তা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, “এসব জিনিস আমরা অনেক দেখেছি। পাকিস্তানের নির্দেশেই এসব হয়েছে। যারা এই রায়টা দিলেন, তাদের অবস্থাও জামাতের নেজামির মত হবে। আমি আজকে বলে দিলাম, আপনারা আমার নাম করে রেকর্ড করে রাখুন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মত হবে। ডেজ আর নাম্বার।”
