Site icon প্রিয় বন্ধু মিডিয়া

টোটোয় চেপে ‘রোগী’ সেজে স্টিং অপারেশন! বর্ধমানের ল্যাবে ঢুকে যা দেখলেন প্রাক্তন বিচারপতি, শুনে শিউরে উঠবেন!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-চিকিৎসাবিজ্ঞানের সমস্ত নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের জীবন নিয়ে ঠিক কতটা ভয়ঙ্কর ছিনিমিনি খেলা চলতে পারে, তার এক নজিরবিহীন প্রমাণ মিলল পূর্ব বর্ধমানের ‘ডাক্তারপাড়া’ খ্যাত খোসবাগানে। কোনো নমুনা পরীক্ষা না করেই, নিছক অনুমান আর আন্দাজের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে রক্ত পরীক্ষার রিপোর্ট! আর এই বিরাট কেলেঙ্কারির পর্দা ফাঁস করলেন খোদ ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারপার্সন, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।

ঘটনাটি ঘটেছে গত বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ সকালে। বর্ধমান শহরের বেসরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা ও বেনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার থেকেই জেলা সফরে ছিলেন বিশ্বজিৎ বসু। বুধবার সকালে কোনো সরকারি গাড়ি বা পুলিশি প্রহরা ছাড়াই, স্রেফ সাধারণ রোগীর আত্মীয় সেজে একটি টোটোয় চেপে বর্ধমানের খোসবাগান এলাকায় হাজির হন তিনি। সঙ্গে ছিলেন কমিশনের এক সহকারী। আসল রহস্য উদঘাটনের জন্য আগে থেকেই আটঘাট বেঁধে নেমেছিলেন প্রাক্তন বিচারপতি। দিন তিনেক আগেই কলকাতার একটি নামী প্যাথলজি ল্যাব থেকে ওই সহকারীর রক্ত পরীক্ষা করানো হয়েছিল। সেই পুরনো রিপোর্টের ফোটোকপি পকেটে নিয়েই খোসবাগানের ‘জেমস ডায়গনস্টিক’ সহ সংশ্লিষ্ট ল্যাবে পৌঁছে যান তাঁরা। সাধারণ রোগীর মতোই সহকারীর রক্তের নমুনা জমা দেওয়া হয় পরীক্ষার জন্য।

রক্তের নমুনা নেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই রিপোর্ট তৈরি করে তাঁদের হাতে ধরিয়ে দেয় ডায়গনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। কিন্তু সেই রিপোর্টের কাগজে চোখ রাখতেই চক্ষু চড়কগাছ প্রাক্তন বিচারপতির! দেখা যায়, তিন দিন আগে কলকাতার ল্যাবে হওয়া রিপোর্টের সঙ্গে বর্ধমানের এই রিপোর্টের আকাশ-পাতাল ফারাক—অথচ যে পরীক্ষাটি করা হয়েছিল, মাত্র তিন দিনে তার ফলাফলে এমন কোনো আমূল পরিবর্তন হওয়া চিকিৎসাশাস্ত্র অনুযায়ী অসম্ভব। এরপরই স্বমহিমায় আত্মপ্রকাশ করেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান। চেপে ধরা হয় ল্যাবের কর্মীদের। জেরার মুখে কার্যত ভেঙে পড়ে কর্মীরা যা স্বীকার করেন, তা শুনে স্তম্ভিত হয়ে যান কমিশনের প্রতিনিধিরা। কর্মীরা কবুল করেন, এত সকালে ল্যাবে কোনো চিকিৎসক বা প্যাথলজিস্ট টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। তাই যন্ত্রের মাধ্যমে কোনো রক্ত পরীক্ষা না করেই, স্রেফ অনুমানের ভিত্তিতে মনগড়া সংখ্যা বসিয়ে রিপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে! পরিদর্শনে আরও দেখা যায়, একটি আবাসিক বসতবাড়ির ভেতরে ন্যূনতম পরিকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি ছাড়াই রমরমিয়ে চলছিল এই ব্যবসা।

মানুষের জীবন নিয়ে এই ভয়াবহ প্রতারণা দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি বিশ্বজিৎ বসু। ঘটনাস্থলেই খোসবাগানের ওই অভিযুক্ত কেন্দ্র সহ মোট দু’টি ডায়গনস্টিক সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ (সিল) করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMOH) দপ্তর থেকে অভিযুক্ত ল্যাবের বিরুদ্ধে অবিলম্বে পুলিশে এফআইআর (FIR) দায়ের করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষুব্ধ প্রাক্তন বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “পরীক্ষার রিপোর্টই যদি এমন ভুলভাল ও মনগড়া হয়, তবে চিকিৎসকরা চিকিৎসা করবেন কী করে আর সাধারণ মানুষই বা সঠিক চিকিৎসা পাবেন কী করে? স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমন ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।” কমিশনের এই আকস্মিক অভিযানের খবর ছড়িয়ে পড়তেই বর্ধমানের ডাক্তারপাড়ার বহু বেআইনি ল্যাব তড়িঘড়ি ঝাঁপ ফেলে চম্পট দেয়।

Exit mobile version