প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অহংকারই কি তবে পতনের মূল কারণ? বাংলায় ক্ষমতা হারানোর পরও কি শুধুই এক যুবরাজের ‘ঔদ্ধত্যের’ খেসারত দিতে হচ্ছে ৪ দশকের পুরনো সৈনিকদের? আজ ঠিক এই জ্বলন্ত প্রশ্নটাই প্রকাশ্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গদি হারানোর ধাক্কায় যখন দলের অন্দরমহল তোলপাড়, ঠিক তখনই দলের সেনাপতির দিকে সরাসরি আঙুল তুললেন এই দুঁদে আইনজীবী। কোনো রাখঢাক না রেখেই তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, কার খারাপ ব্যবহারের জন্য আজ এই ঐতিহাসিক বিপর্যয়!
আজ সাংবাদিকদের সামনে এসে শ্রীরামপুরের সাংসদ যেন কোনো কূটনৈতিক সৌজন্যের ধার ধারেননি। তাঁর প্রতিটি কথা ছিল বুলেটের মতো তীক্ষ্ণ। ২০২৬-এর নির্বাচনী বিপর্যয়ের পুরো দায় একপ্রকার সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘাড়েই চাপিয়ে দিয়েছেন তিনি। প্রকাশ্য ক্যামেরার সামনেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে স্পষ্ট জানিয়েছেন, এই যুবনেতার সীমাহীন ঔদ্ধত্য এবং মানুষের সঙ্গে খারাপ ব্যবহারই সবকিছু ধ্বংস করে দিয়েছে! পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, দলের প্রবীণ ও বিশ্বস্ত নেতৃত্ব আজ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছেন।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এতদিন দলের ভেতরের যে ক্ষোভটা চার দেওয়ালে বন্দি ছিল, আজ তা ক্ষমতার বাইরে আসতেই প্রকাশ্যে চলে এল। অহংকার যে একটা আস্ত রাজনৈতিক শক্তিকে ধূলিসাৎ করে দিতে পারে, কল্যাণের কথায় আজ তারই স্পষ্ট ইঙ্গিত মিলল।
রাজনীতিতে জনসংযোগ আর নেতার ব্যবহারই শেষ কথা বলে। কিন্তু কল্যাণবাবু আজ যেভাবে সাংবাদিকদের সামনে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন, তাতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি— দাম্ভিকতা আর কর্পোরেট কায়দায় দল চালাতে গিয়ে মাটির কর্মীদের থেকে কীভাবে বিচ্ছিন্ন হয়েছে দল, আজ সেটাই প্রমাণ হয়ে গেল।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে এই ভরাডুবির আসল কারণ কী? কল্যাণবাবু কিন্তু আজ সোজা সাপটা ময়নাতদন্ত করে দিলেন। তাঁর ইঙ্গিত পরিষ্কার— দলের অন্দরের একনায়কতন্ত্র এবং প্রবীণদের কোণঠাসা করার খেসারতই আজ দিতে হচ্ছে কালীঘাটকে।
ক্ষমতা হাতছাড়া হওয়ার পর এখন আত্মবিশ্লেষণের সময়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বিস্ফোরক দাবির পর রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন শুরু হয়েছে। যুবনেতার এই আচরণ কি দলের এই ভাঙনকে আরও ত্বরান্বিত করবে? আর নিজের দুর্গ এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখেও মমতা কি কেবলই ‘রক্তের টানে’ নীরব দর্শকের ভূমিকা পালন করবেন? নজর থাকবে আমাদের পোর্টালে।
