Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আইনি জটে চরম অনিশ্চয়তায় কলকাতা পুরভোট! ৩০ নভেম্বরের পর ২০৯টি ওয়ার্ডেই কোঅর্ডিনেটর বসানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতা পুরসভার (KMC) আসন্ন নির্বাচন ঘিরে আইনি ও প্রশাসনিক টানাপোড়েন চরমে পৌঁছেছে। কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের জেরে নির্ধারিত সময়ে ভোট হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শহরের নাগরিক পরিষেবা সচল রাখতে বিকল্প পথের কথা স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আইনি জট না কাটলে এবং ভোটের বিজ্ঞপ্তি জারি করা সম্ভব না হলে কলকাতার প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডেই কোঅর্ডিনেটর বা সমন্বয়ক নিয়োগ করবে রাজ্য সরকার।

রাজ্য সরকার আইন সংশোধন করে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নেয় এবং ১১ সেপ্টেম্বর ওয়ার্ড পুনর্বিন্যাসের (Delimitation) চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে প্রাক্তন বাম কাউন্সিলর দিপু দাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলাকারীর পক্ষ থেকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে সওয়াল করেন, নির্বাচিত পুরবোর্ড ভেঙে যাওয়ার পর নিযুক্ত প্রশাসক (Administrator) স্মিতা পাণ্ডের সুপারিশে এই ওয়ার্ড পুনর্বিন্যাস হয়েছে, যা আইনত বৈধ নয়। এই মামলার শুনানিতে গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অরুণ রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সিঙ্গেল বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না। উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর বর্তমান পুর প্রশাসকের ৬ মাসের মেয়াদ শেষ হতে চলেছে।

হাইকোর্টের এই অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শীর্ষ আদালত অনুমতি দিলে দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। কিন্তু যদি আইনি জটিলতায় ভোট পিছিয়ে যায়, তবে ৩০ নভেম্বরের পর কলকাতার ২০৯টি ওয়ার্ডেই কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এই কোঅর্ডিনেটররা হবেন শাসকদল বিজেপির নেতাকর্মীরা এবং তাঁরা নির্বাচিত কাউন্সিলরদের সমান মর্যাদা নিয়ে পুর প্রশাসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। পানীয় জল সরবরাহ, আবর্জনা সাফাই, রাস্তা মেরামতি এবং ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধের মতো জরুরি নাগরিক পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে দাবি সরকারের।

পুরভোট স্থগিত হওয়া নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ভোটে পরাজয়ের ভয়ে এবং প্রার্থী খুঁজে না পেয়ে সিপিএম ও তৃণমূল জোট বেঁধে আদালতে গিয়ে নির্বাচন আটকে দেওয়ার চক্রান্ত করছে। প্রশাসনিক মহলের একাংশ আবার ২০২০ সালের কোভিড পরিস্থিতির নজির টেনে বলছে, সে সময়ও পুরভোট না হওয়ায় তৎকালীন কাউন্সিলরদের কোঅর্ডিনেটর পদে বসানো হয়েছিল। অন্যদিকে, সরকারের এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে সিপিএম, তৃণমূল এবং কংগ্রেস। বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের প্রশ্ন, ওয়ার্ড পুনর্বিন্যাসের বৈধতা নিয়েই যেখানে আদালতে মামলা চলছে, সেখানে নতুন ২০৯টি ওয়ার্ডের নিরিখে কীভাবে কোঅর্ডিনেটর নিয়োগ করা সম্ভব? বিরোধীদের অভিযোগ, নির্বাচন ছাড়াই অগণতান্ত্রিক উপায়ে দলীয় কর্মীদের বসিয়ে কলকাতা পুরসভা দখল করতে চাইছে বিজেপি সরকার। সব মিলিয়ে, সুপ্রিম কোর্টের রায় এবং ৩০ নভেম্বরের সময়সীমার দিকেই এখন তাকিয়ে রয়েছে কলকাতার রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকরা।

Exit mobile version