Site icon প্রিয় বন্ধু মিডিয়া

কয় দফায় রাজ্যে বিধানসভা ভোট? সর্বদলীয় বৈঠকে নিজেদের বক্তব্য জানিয়ে দিলো বিজেপি!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যে এবার সব থেকে কম দফায় বিধানসভা ভোট হতে পারে। এই রকম একটি চর্চা অনেকদিন আগে থেকেই চলছে। মাঝে শোনা গিয়েছিল, এক দফায় ভোট হবে। তবে তারপর শোনা যায় যে, না, এক দফায় নয়, দুই থেকে চার দফায় এই রাজ্যে বিধানসভা ভোট হতে পারে। শেষ পর্যন্ত কয় দফায় ভোট হবে, তার সিদ্ধান্ত নেবে কমিশন। আর আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠকে তারা কয় দফায় রাজ্যে ভোট চাইছে, সেই ব্যাপারে নিজেদের বক্তব্য জানিয়ে এলো রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি।

গতকালই রাজ্য এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর জ্ঞানেশ কুমার রাজ্যে আসার ফলে তৃণমূলের অস্বস্তি যে আরও বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই তৃণমূল কংগ্রেস এসআইআরের আতঙ্কে যথেষ্ট ভীত হয়ে রয়েছে। তাই জ্ঞানেশ কুমার যেখানেই যাচ্ছেন, সেখানেই তারা কালো কাপড় এবং গো ব্যাক স্লোগান দিয়ে নিজেদের অসভ্যতার প্রমাণ দিচ্ছে বলেই অভিযোগ করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক ছিলো। বিভিন্ন বিষয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে। আর সেই বৈঠক থেকে বেরিয়েই নিজেদের বক্তব্য সাংবাদিকদের সামনে জানিয়ে দিলো বিজেপি।

সূত্রের খবর, এদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বিজেপির পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করেন। যেখানে ছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া, তাপস রায় এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে বাইরে বেরিয়ে তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তারা চাইছেন, রাজ্যে সর্বোচ্চ দুই দফায় ভোট হোক। এক্ষেত্রে এক দফায় ভোট হলেও তারা স্বাগত জানাবেন। অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে সন্ত্রাস বন্ধ করতে দফা না বাড়িয়ে এক থেকে দুই দফায় যাতে ভোট করা যায়, তার জন্য নিজেদের বক্তব্য জানিয়ে দিয়েছে বিজেপি। এখন শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এই রাজ্যে নির্বাচন কবে ঘোষণা করে এবং সেখানে কয় দফায় ভোট হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version