Site icon প্রিয় বন্ধু মিডিয়া

পুরভোটের আগে উত্তর কলকাতায় ছন্নছাড়া ঘাসফুল! কুণাল-নয়না-সুদীপের কোন্দলে কি অক্সিজেন পাচ্ছে শাসক বিজেপি?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে ক্ষমতা হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই সামনে কলকাতা পুরসভা নির্বাচন। আর সেই হাইভোল্টেজ ভোটের ঠিক আগে উত্তর কলকাতায় প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের অন্দরের ফাটলটা বেআব্রু হয়ে পড়ল। একদিকে উত্তর কলকাতার প্রাক্তন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দল ভেঙে এনসিপিআই (NCPI)-তে যোগ দিয়ে কেন্দ্রে বিজেপির শরিক হয়েছেন এবং পুরভোটে গেরুয়া শিবিরের সাথে হাত মেলানোর বার্তা দিয়েছেন। অন্যদিকে, শহরের বুকে ঘাসফুলের দুই বিধায়ক কুণাল ঘোষ ও নয়না বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য কাদা ছোড়াছুড়িতে চরম অস্বস্তিতে পড়েছে বিরোধী শিবির।

উত্তর কলকাতার রাজনীতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব একটি সাংগঠনিক প্রভাব দীর্ঘদিনের। সেই এলাকায় সংগঠন ধরে রাখতে গেলে তৃণমূলের প্রয়োজন ছিল ঐক্যবদ্ধ লড়াই। কিন্তু দেখা যাচ্ছে ঠিক উল্টো ছবি! বৃহস্পতিবার (১২ নভেম্বর) চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সুদীপকে ‘জঘন্য দাদা’ বলে আক্রমণ শানিয়েছেন। কুণালের এই পদক্ষেপে আগুনে ঘি পড়েছে। পাল্টা তোপ দেগে নয়না প্রকাশ্যেই কুণালের বিরুদ্ধে ‘বডিশেমিং’, ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ বলা এবং সুদীপের গলায় ‘রজনীগন্ধার মালা’ পরানোর হুমকির মতো পুরনো অপমানের হিসাব চেয়েছেন। কুণাল অবশ্য ‘পতির পুণ্যে সতীর পুণ্য’ প্রবাদ আউড়ে গোটা বিষয়টিকে ‘গভীর ভালোবাসার খুনসুটি’ বলে সামাল দেওয়ার চেষ্টা করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুণাল ও নয়নার এই প্রকাশ্য গৃহযুদ্ধ উত্তর কলকাতার নিচুতলার তৃণমূল কর্মীদের মনোবল পুরোপুরি ভেঙে দিচ্ছে। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলবদলে এমনিতেই উত্তর কলকাতায় ঘাসফুলের ভোটব্যাঙ্কে ধস নেমেছে, তার ওপর দলেরই দুই বিধায়কের এই ব্যক্তিগত কোন্দল বিরোধী ভোটকে আরও বিভক্ত করবে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, বিরোধী শিবিরের এই ছন্নছাড়া দশা কি তবে আসন্ন পুরভোটে রাজ্যের শাসকদল বিজেপিকেই ওয়াকওভার দিয়ে দিচ্ছে?

Exit mobile version